কুন্দুজ, ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে তালেবানদের ছিনতাই করা দুটি তেল-ট্যাংকার লক্ষ্য করে ন্যাটো বিমান হামলায় অন্ততপক্ষে ৯০ জন নিহত হয়েছে। এ ঘটনায় পশ্চিমা বাহিনীর বিরুদ্ধে আফগানদের ক্ষোভ আরও ধূমায়িত হয়ে উঠতে পারে।
ন্যাটো শুরুতে বলেছিল, তাদের বিশ্বাস হতাহতরা সবাই তালেবান যোদ্ধা। পরে স্বীকার করেছে, ওই ঘটনায় হাসপাতালের চিকিৎসাধীনদের মধ্যে অনেক বেসামরিক লোক রয়েছে।
গ্রামবাসীরা বলেছেন, ছিনতাই হওয়া ট্রাক দুটি থেকে তাদের স্বজনরা তেল সরিয়ে নেওয়ার সময় বিস্ফোরণে বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে জীবন্ত পুড়ে মারা যায়।
প্রেসিডেন্ট হামিদ কারজাই অফিস থেকে নিহতের সংখ্যা ৯০ উল্লেখ করে জানানো হয়েছে, ঘটনাস্থলে একটি তদন্ত দল পাঠানো হয়েছে।
এক বিবৃতিতে কারজাই বলেছেন, "সামরিক অভিযানে কোনো বেসামরিক লোকের ক্ষতি হওয়া চলবে না।" "কোনো পরিস্থিতিতেই বেসামরিক লোকদের লক্ষ্যবস্তু করা গ্রহণযোগ্য হবে না।"
আফগানিস্তানে মার্কিন ও ন্যাটো বাহিনীর নতুন কমান্ডার দু'মাস আগে আফগানিস্তানে তালেবান বিরোধী অভিযানে বেসামরিক নাগরিক নিহতের সংখ্যা কমানোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর কুন্দুজের এই ঘটনায় বিদেশি সেনাদের ওপর জনরোষ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ন্যাটো বাহিনী বিমান হামলার কথা নিশ্চিত করে তাৎক্ষণিক জানায়, তারা তালেবানদের দখলে থাকা জ্বালানি-ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। জঙ্গিরাই ছিল হামলার লক্ষ্য। হামলায় ট্যাংকার বিস্ফোরণ এবং হতাহতের ঘটনা সম্পর্কে তারা কিছু জানে না।
যুক্তরাষ্ট্র ও ন্যাটো নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি এসিসটেন্স ফোর্স'(আইএসএএফ) এর প্রেস অফিসার লেফটেন্যান্ট-কমান্ডার ক্রিস্টিন সাইডেস্ট্রাইকার বলেছেন, তালেবানরা দুটি জ্বালানি ট্রাক ছিনতাই করে নিয়ে গেছে বলে জানায় আফগান কর্তৃপক্ষ। ন্যাটো বিমান ট্রাক দুটিকে একটি নদীর কাছে চিহ্নিত করে।
তিনি বলেন, "এলাকাটিতে কেবল তালেবানদের দেখার পরই স্থানীয় আইএসএএফ কমান্ডার বিমান হামলা চালানোর নির্দেশ দেন। এতে ট্রাকদুটি ধ্বংস হয় এবং বহুসংখ্যক বিদ্রোহী মারা পড়ে।"
তিনি বলেন, "হামলার লক্ষ্য ছিল জঙ্গিরা। তারাই মারা পড়েছে বলে আমরা মনে করি। তবে বেসামরিক নাগরিক হতাহতের বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।"
হামলার পরপরই দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির গভর্নর মোহাম্মদ ওমর বলেছেন, বিস্ফোরণে ৯০ জন পুড়ে মারা গিয়ে থাকতে পারে। তিনি এ ঘটনার জন্য তালেবান এবং সরকার দু'পক্ষকেই দায়ী করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৫ ঘ.
bdnews24