উরুমছি, চীন ৪ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- চীনের সিনচিয়াং প্রদেশের রাজধানী উরুমছিতে হান চীনাদের বিক্ষোভে শুক্রবার উত্তেজনা দেখা দিয়েছে। বিক্ষুব্ধ হান চীনারা পুলিশের নিরাপত্তা বেষ্টীন উপেক্ষা করে উইগুরদের এলাকায় প্রবেশের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
৫ জুলাইয়ে উরুমছিতে ভয়াবহ দাঙ্গায় জড়িত উইগুরদের দ্রুত বিচার ও শাস্তি দাবি করেছে বিক্ষোভকারীরা। হান চীনারা রহস্যজনক হামলার শিকার হচ্ছে অভিযোগ করে নিজেদের সুরক্ষার দাবি তুলেছে। কর্তৃপক্ষ উইগুরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরী করছে বলেও অভিযোগ করেছে তারা।
জাতিগত হান চীনা এবং উইগুরদের ৫ জুলাইয়ের দাঙ্গার পর চীন বহু উইগুরকে গ্রেপ্তার এবং অভিযুক্ত করার কথা জানিয়েছে। কর্মকর্তারা হান চীনাদের নতুন বিক্ষোভ প্রতিহত করারও চেষ্টা নিয়েছে। কিন্তু দমনাভিযানের মুখেও চলমান বিক্ষোভ-উত্তেজনা প্রমাণ করেছে উরুমছি পরিস্থিতি এখনও নাজুক।
শুক্রবারের আগের দিন বৃহস্পতিবারও রাস্তায় বিক্ষোভ করে হাজার হাজার হান চীনা। তাদের আনেকেই আঞ্চলিক কমিউনিস্ট পার্টির প্রবীণ সেক্রেটারির পদত্যাগ দাবি করে।
পরে বিক্ষোভ ঠেকাতে কর্তৃপক্ষ রাত্রিকালীন কারফিউ জারির পর রাস্তায় নামে সেনারা। কিন্তু কড়া নিরাপত্তার মধ্যেও কিছু বিক্ষোভকারী বিক্ষোভ চালিয়ে যায়।
বিবিসি'কে এক প্রত্যক্ষদর্শী জানান, উরুমছিতে গত দু দিন ধরে ২ হাজারের মতো জাতিগত হান চীনা বিক্ষোভ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৯ ঘ.
bdnews24