জাকার্তা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় শক্তিশালী ভূমিকম্পের পরদিনও গ্রামবাসীরা নিখোঁজদের সন্ধানে প্রাণপনে ধ্বংসস্তুপ সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ৫৭ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৩শ'রও বেশি মানুষ। বুধবারের ওই ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার বাড়িঘর। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছে সরকার। (আরও তথ্যসহ-৪)
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার হিসাব অনুযায়ী ৭ দশমিক শূন্য মাত্রার এই ভূমিকম্পে রাজধানী জাকার্তায় অনেক ভবনও নড়ে ওঠে। ওয়েস্ট জাভায় ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি গ্রামের বাড়িঘর ধসে পড়ে।
ভূমিকম্পের কারণে জাকার্তার প্রায় ৬০ মাইল দক্ষিণের গ্রাম চিকাংকারেংএ ভূমিধস সৃষ্টি হয়ে ৪০ জন মাটি চাপা পড়েছে। রহিম নামের প্রত্যক্ষদর্শী রয়টার্সকে একথা জানিয়েছে।
"আমাদের অনেক তরুণ মাটি চাপা পড়ে আছে। আমাদের কোনো খাবার নেই। আমাদের খাবার দরকার।" বলেন তিনি।
জাতীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তা প্রিয়াদি কারদোনো বলেন, ভূমিধসের কারণে চাপা পড়া কাউকে উদ্ধার করা খুব কঠিন কারণ মাটি সরানোর ভারি যন্ত্রপাতির ঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না।
এর আগে তিনি বলেন, "উপকূলীয় এলাকার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমরা সেখানকার পরিস্থিতি জানতে পারছি না।"
"ওইসব এলাকার থেকে কোনো খবর পাচ্ছি না। যদিও আমাদের ধারণায় ওই সব এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।"
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওয়েস্ট জাভায় ভূমিকম্পের কেন্দ্রস্থল তাসিকমালায় জরুরি চিকিৎসা দল পাঠানো হয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থাল তাসিকমালায়ার কাছাকাছি গ্রাম মারগামুকতি থেকে এদি সাপুয়ান নামে এক ব্যক্তি বলেন, "অনেক বাড়িই মাটির সঙ্গে মিশে গেছে। কেবল কাঠের বাড়িঘরই খাড়া আছে।"
রয়টার্সকে তিনি বলেন, "ভূমিকম্প শুরু হলে আমরা দৌড়ানো শুরু করি। এর পাঁচ মিনিটের মাথায় আমার বাড়িটি ধসে পড়ে।"
ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, তাসিকমালায়া থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বের সুরাবায়াতেও এই ভূমিকম্প অনুভূত হয়। প্রায় ৭০০ কিলোমিটার পূর্বের বালিতে অনুভূত হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী জাকার্তায় অন্ততপক্ষে ৩৮ জন আহত হয়েছে।
ইন্দোনেশিয়ার ভূ-কম্পন পরিমাপক সংস্থা জাভার কাছে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প রেকর্ড করার কথা জানিয়েছে। ভূমিকম্পে দ্বীপটি কেঁপে ওঠে। রাজধানী জাকার্তায়ও অনেক ভবন নড়তে থাকে। অফিস থেকে লোকজন দ্রত বের হয়ে যায়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রথমে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ রেকর্ড করেছিল। পরে মাত্রা ৭ দশমিক শূন্যতে নামিয়ে বলা হয়েছে, তুলনামূলকভাবে মাটির বেশ গভীরে, ভূ-পৃষ্ঠ থেকে ৪৯ দশমিক ৫ কিলোমিটার নিচে ভূমিকম্পটি হয়েছে।
ভূমিকম্পের পরপরই উপকূলীয় অঞ্চলের জন্য স্থানীয়ভাবে সুনামি সতর্কতা জারি করা হয়। আধাঘণ্টা পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।
হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এই ভূমিকম্পটির কারণে ব্যাপকভাবে সুনামি দেখা দেওয়ার হুমকি নেই।
একজন অধিবাসী রয়টার্সকে বলেন, "১০ সেকেন্ড ভবনগুলো নড়ার পর থামে। পরে আবার নড়তে থাকে।"
তাসিকামালায়ার একজন অধিবাসী জানান, মেয়রের বাসভবনসহ বেশ কয়েকটি বাড়ি বিধ্বস্ত হয়েছে। একটি মসজিদও ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৪ ঘ.
bdnews24