ভিয়েনা/তেহরান, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান শিগগিরই কোনো পরমাণু বোমা বানাতে যাচ্ছে না এবং দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে হুমকির বিষয়টি অতিরঞ্জিত। পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নজরদারি সংস্থার প্রধান মোহাম্মদ এলবারাদি এক সাক্ষাৎকারে একথা বলেছেন।
পশ্চিমের সন্দেহ ইরান বেসামরিক পরমাণু জ্বালানি কর্মসূচির আড়ালে পরমাণু বোমা তৈরির চেষ্টা করছে। তেহরান বরাবরই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, শান্তিপূর্ণ উপায়ে বিদ্যুৎ শক্তি বাড়ানোই তাদের কর্মসূচির লক্ষ্য।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক এলবারাদি পরমাণু বিজ্ঞানীদের বিশেষ বুলেটিনের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন, তেহরান পরমাণু বোমা তৈরির কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এরকম কোনো স্পষ্ট তথ্যপ্রমাণ নেই।
"কিন্তু এরপরও লোকজন ইরানের পরমাণু কর্মসূচিকে বিশ্বের সবচেয়ে বড় হুমকি হিসেবে বলাবলি করছে। আমি মনে করি এটি অতিরঞ্জন, ফুলিয়ে-ফাঁপিয়ে বলা।" বলেন এলবারদি।
তিনি আরও বলেন, ইরানের ভবিষ্যত পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ রয়েছে এবং ইরানের এ ব্যাপারে জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার সঙ্গে আরও স্বচ্ছতা বজায় রাখা উচিত।
এলবারদি বলেন "কিন্তু আমরা আগামী কাল ঘুম ভেঙেই দেখব ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলেছে- এ ধারণা আমাদের এ যাবৎকালের পর্যবেক্ষণের মাধ্যমে সমর্থিত নয়।"
৬৭ বছর বয়সী এলবারাদি ১২ বছর দায়িত্ব পালন শেষে নভেম্বরে সংস্থাটি থেকে বিদায় নিতে যাচ্ছেন। তার সাক্ষাৎকারটি জুলাইয়ে নেওয়া হলেও মঙ্গলবার তা প্রকাশিত হয়েছে।
এদিকে একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাকে উদ্ধৃত করে দেশটির রাষ্টীয় টিভির ওয়েবসাইটে বৃহস্পতিবার বলা হয়েছে, বিশ্বশক্তিগুলোর সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনায় পরমাণু কর্মসূচিটি স্থান পাবে না।
ছয়জাতি বিশ্বশক্তি ইরানকে এই মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই পরমাণু কর্মসূচি নিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসার চাপ দেওয়ার একদিন পরেই
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থায় ইরানের দূত আলী আসগর সোলতানিয়ার ওই মন্তব্য প্রকাশিত হল।
তিনি বলেছেন, "(ছয়জাতি বিশ্বশক্তির) সঙ্গে সম্ভাব্য বৈঠকে ইরান পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবে এটা ভাবা ভুল।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/
bdnews24