কাবুল, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ গত মাসের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির নিন্দা জানাতে মঙ্গলবার গ্রামের মুরুব্বিদের নিয়ে এক সমাবেশ করেছেন। এতে তিনি বলেন, সমর্থকদের রাজপথে নামা থেকে বিরত রাখতে তিনি সব চেষ্টা করে যাচ্ছেন।
কারজাইয়ের সরকারের বিরুদ্ধে ২০ আগস্ট নির্বাচনের দিন ব্যাপকহারে জালভোট দেওয়া ছাড়াও অনিয়মের শত শত অভিযোগ করেছেন আবদুল্লাহ।
এখন পর্যন্ত প্রায় অর্ধেক ভোট গণনায় কারজাই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ থেকে এগিয়ে থাকা বজায় রাখলেও দ্বিতীয় দফা নির্বাচন এড়ানোর মতো সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারছেন না। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অক্টোবরে ফের নির্বাচন হওয়ার কথা রয়েছে।
কাবুলের কেন্দ্রস্থলের একটি মিলনায়তনভর্তি গ্রামের প্রায় ৩০০ মুরব্বী মঙ্গলবার একে একে আবেগময় ভাষায় নির্বাচনে জালিয়াতি ও অনিয়মের ঘটনার বর্ণনা দেন। তারা আবদুল্লাহর প্রতি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সশস্ত্র প্রহরীবেষ্টিত আবদুল্লাহ তাদের ভোটের অধিকার রক্ষার অঙ্গীকার করেন। তবে তিনি তাদের ধৈর্য ধরতেও বলেন।
সমাবেশের এক ফাঁকে রয়টার্সকে আবদুল্লাহ বলেন, "লোকজন আমার উপর বিক্ষোভ শুরু করার জন্য খুব চাপ দিচ্ছে। এ নিয়ে আমি বেশ উদ্বিগ্ন।"
"কান্দাহার বিক্ষোভ শুরু করতে চাচ্ছে, খোস্ত বিক্ষোভ শুরু করতে চাচ্ছে, গজনিও বিক্ষোভ শুরু করতে চাচ্ছে" আফগানিস্তানের অস্থিতিশীল দক্ষিণ ও পূর্বাঞ্চলের শহরগুলোর নামোল্লেখ করে আবদুল্লাহ একথা বলেন। ওই অঞ্চলে প্রকট ভোটজালিয়াতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
"আমি আমার লোকদের বলেছি শান্ত থাকতে, ধৈর্য ধরতে।"
কারজাইয়ের প্রধান সমর্থনপুষ্ট দক্ষিণের পশতুন এলাকার ভোট এখনো গণনা শুরু হয়নি। ওই এলাকার ভোটে প্রথম দফায় তার বিজয় নিশ্চিত হয়ে যেতে পারে। তবে আবদুল্লাহর অভিযোগ সত্য প্রমাণিত হলে ওই অঞ্চলের অনেক ভোট বাতিলও হয়ে যেতে পারে।
ভোটের জালিয়াতি বিষয়ে একটি স্বাধীন তদন্ত কমিশন প্রায় আড়াই হাজার অভিযোগ খতিয়ে দেখছে। 'ইলেকশন কমপ্লেইন্টস কমিশন' ভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে এরকম৫৬৭টি অভিযোগকে আলাদা ক্যাটাগরিতে ফেলে তদন্ত করছে।
পাঁচ সদস্যের এই কমিশনের তিনজনকে জাতিসংঘ নিয়োগ দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২২৬ ঘ.
bdnews24