এন্টিয়োক, ক্যালিফোর্নিয়া, সেপ্টেম্বর ০১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---১১ বছরের বালিকাকে অপহরণের পর ১৮ বছর বন্দি করে রাখা এবং ধষর্ণের অভিযোগে অভিযুক্ত লোকটির বাড়ির পাশ থেকে একটি হাড়ের টুকরো খুঁজে পাওয়া গেছে বলে সোমবার ক্যালিফোর্নিয়ার পুলিশ জানিয়েছে।
কন্ট্রা কস্টা কাউন্টি শেরিফের মুখপাত্র জিমি লি অবশ্য বলতে পারেননি হাড়টি মানুষের কি-না। তবে তিনি জানান, সন্দেহভাজন ওই লোকটির এন্টিয়োকের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ হাড়টি আবিষ্কার করেন বাড়ির পেছনের দিক থেকে, যা একসময় পাশের খালি জায়গা হিসেবে পড়েছিল।
পুলিশ অবশ্য তালিকাভুক্ত যৌন অপরাধী ৫৮ বছরের ফিলিপ গ্যারিডোর বাড়ির ওই জায়গায় তাঁবু তুলেছে যাতে বাইরে থেকে তাদের কাজ না দেখা যায়। পুলিশ সেখানে খোঁড়াখুড়ি করছে, গন্ধ শোঁকা কুকুরও কাজে লাগিয়েছে।
গ্যারিডোকে গত সপ্তাহে গ্রেপ্তার করার পর থেকেই খানা তল্লাশি চলছে। একইসঙ্গে ১৯৯০ দশকে সানফ্রান্সিকোর শহরতলি এন্টিয়োক এলাকায় দশজন যৌনকর্মীর খুন হওয়ার অমীমাংসিত রহস্যও এর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
অবশ্য গ্যারিডো এবং তার ৫৪ বছরের স্ত্রী ন্যান্সি গ্যারিডো ক্যালিফোর্নিয়ার লেক টাহো থেকে ১৯৯১ সালে অপহৃত জয়সি ডুগার্ডের অপহরণ সম্পর্কিত ২৯ টি অভিযোগই অস্বীকার করেন গত শুক্রবার।
যৌনকর্মীর খুনের ঘটনায় পুলিশ এই দপ্ততির বাড়ি তল্লাশি করতে গিয়ে ১৯৯১ সালে অপহৃত জয়সি ডুগার্ডকে খুঁজে পায়।
গ্যারিডোর বাড়ির পেছনে একটি ছাউনি ও তাঁবুর ভেতর বন্দিদশায় ১৮ বছর কেটে গেছে জয়সির। তার গর্ভে নিজের দুই সন্তানের জন্মও দিয়েছে সে।
২০০৬ সালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশকে গ্যারিডো সম্পর্কে তার সন্দেহের কথা বলেছিলেন। কিন্তু পুলিশ সে সময় বিষয়টি নিয়ে এগুতে ব্যর্থ হয়। এ কারণে ক্ষমা চেয়েছেন স্থানীয় শেরিফ।
কোন্ট্রাকোস্টার শেরিফ ওয়ারেন রাফ স্বীকার করেছেন, গ্যারিডোর এক প্রতিবেশী ২০০৬ সালে পুলিশকে জানিয়েছিল, গ্যারিডো একজন যৌনতাড়িত 'মনোবিকারগ্রস্ত,' এবং তার বাড়ির পেছনে তাঁবুতে শিশুরা বাস করছে।
রাফ জানান, অভিযোগ পেয়ে একজন পুলিশ অফিসার গ্যারিডোর বাড়ির সামনে গিয়ে তার সঙ্গে কথা বললেও ভেতরে প্রবেশ করেনি। ওই পুলিশ কর্মকর্তাটির জানাও ছিল না যে, সে পুলিশের তালিকাভুক্ত একজন যৌনঅপরাধী।
এর আগে এল ডোরাডো কাউন্টির আন্ডারশেরিফ প্রেড কলার সংবাদ সম্মেলনে বলেন, ডুগার্ডের ১১ ও ১৫ বছর বয়সী দুটি মেয়ের পিতা হিসেবে গ্যারিডোকে সন্দেহ করা হয়েছে।
তিনি জানান, এই শিশুদের কাউকেই স্কুলে পাঠানো হয়নি। চিকিৎসকের কাছেও কোনোদিন তাদের নেওয়া হয়নি। সম্পূর্ণ বিচ্ছিন্ন করে তাদের রাখা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এমএইচবি/১৭৪৪ ঘ.
bdnews24