কাবুল, ১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মার্কিন ও ন্যাটোবাহিনীর প্রধান সোমবার দীর্ঘপ্রতিক্ষীত কৌশলগত পর্যালোচনা পেশকরার আগমুহূর্তে জানিয়েছেন, দেশটিতে আট বছর ধরে চলা যুদ্ধ এখন মারাত্মক আকার নিয়েছে। তবে তিনি এটাও বলেছেন, কৌশল বদলে সাফল্য অর্জন করা সম্ভব হবে। (আরও তথ্যসহ)
আফগানিস্তানে এক লাখেরও বেশি সেনার অধিনায়ক জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল তার নতুন কৌশল বাস্তবায়ন করতে আরও সেনা চাইবেন কি না সে ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি সামরিক কর্মকর্তারা।
আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার ব্যাপারে পুরোপুরি নতুন ধরনের পরিকল্পনা হাজির করতে যাচ্ছেন ম্যাকক্রিস্টাল। পর্যালোচনাটি প্রস্তুত ঘোষণা দিয়ে তিনি এক বিবৃতিতে বলেছেন, "আফগানিস্তানের পরিস্থিতি মারাত্মক। তবে সাফল্য অর্জন করা সম্ভব। এ জন্য পরিবর্তিত কৌশল, দৃঢ়তা ও অঙ্গীকারের প্রয়োজন হবে এবং ঐক্যবদ্ধ উদ্যোগও জোরদার করতে হবে।"
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত জুনে ম্যাকক্রিস্টালকে নিয়োগ দেওয়ার পর থেকে তিনি পর্যালোচনার কাজটি করে আসছিলেন।
তার পর্যালোচনার প্রতিবেদন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ও ব্রাসেলসে ন্যাটো সদরদপ্তরে পাঠানো হয়েছে। এতে অন্তত এখনই আফগানিস্তানে আরও সেনা পাঠানোর জোরদার আহ্বান জানানো হয়নি।
তবে সামরিক কর্মকর্তারা বলেছেন, জেনারেল ম্যাকক্রিস্টালের ওই পর্যালোচনার ভিত্তিতেই আফগাস্তিনে সেনাসংখ্যার প্রয়োজনীতার দিকটি সিদ্ধান্তটি চূড়ান্ত করা হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, আরও সেনা সংখ্যার জন্য যে কোনও সুপারিশের ক্ষেত্রেই এ বিষয়টি বিবেচনায় রাখতে হবে যে, আফগানিস্তানে সামরিক উপস্থিতি বেশি হয়ে যেতে পারে এবং আফগানরা একে দখলদার বাহিনী হিসাবে প্রত্যক্ষ করতে পারে।
তিনি সাংবাদিকদের বলেন, "আমি স্পষ্টতই এ ব্যাপারগুলো তুলে ধরতে চাই। সেইসঙ্গে আমাদেরকে সামরিক বাহিনীর সহজলভ্যতার দিকেও লক্ষ্য রাখতে হবে। অনেক বিষয়ই আছে যেদিকে আমাদেরকে দৃষ্টি দিতে হবে।"
আফগানিস্তানে আরও সেনা পাঠানোটা মার্কিন প্রেসিডেন্ট ওবামার জন্য রাজনৈতিকভাবে কঠিন। কারণ, আফগান যুদ্ধ নিয়ে ইতোমধ্যেই অসন্তোষ বিরাজ করছে।
ন্যাটো মুখপাত্র জেমস আপ্পাথুরাই বলেছেন, আমরা জানি আফগান নিরাপত্তা বাহিনীর জন্য আরও প্রশিক্ষক এবং হাতিয়ার প্রয়োজন।
তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর জন্য ইতোমধ্যেই ১০ টি প্রশিক্ষণ টীমের কমতি আছে। আফগান সেনাবাহিনী ও পুলিশ বাহিনী উন্নয়নে আরও প্রশিক্ষণ টীমের প্রয়োজন পড়বে।
সন্ত্রাসবিরোধী শীর্ষ এক বিশেষজ্ঞ বলেছেন, আফগান সরকারকে অবিলম্বে দুর্নীতি মোকাবেলা করে আফগানদের সেবারয় আত্মনিয়োগ করতে হবে। কারণ, তালেবান জঙ্গিরা শূন্যস্থান পূরণ করে সমর্থন জিতে নিচ্ছে।
আফগানিস্তানে সোমবার প্রকাশিত আংশিক ফলে দেখা গেছে প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রতিপক্ষ আবদুল্লাহ আবদুল্লাহর চেয়ে এগিয়ে আছেন। কারজাইয়ের ভোট ৪৫ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে, আবদুল্লাহ পেয়েছেন ৩৩ দশমিক ৩ শতাংশ ভোট। ফলাফল থেকে ২য় দফা ভোটের প্রয়োজন পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/এলকিউ/১১৪৬ঘ.
bdnews24