ক্যানবেরা, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রায় ৩৯ বছর পর ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ থাকা শেষ দুই অষ্ট্রেলীয়র দেহাবশেষ সোমবার দেশে ফিরেছে। সিডনির রিচমন্ড সামরিক বিমান ঘাঁটিতে ফ্লাইং অফিসার মাইকেল হার্বার্ট ও পাইলট অফিসার রবার্ট কারভারের দেহাবশেষ পূর্ণ সামরিক মর্যাদায় গ্রহণ করা হয়েছে।
১৯৭০ সালের ৩ নভেম্বর এরা ভিয়েতনামে বিমান থেকে বোমা হামলার অভিযানে অংশ নেওয়ার সময় তাদের বিমানটি দা নাংয়ের কাছে নিখোঁজ হয়। এ বছর এপ্রিলে অস্ট্রেলীয় বিমান বাহিনীর ইতিহাস শাখা ভিয়েতনাম-লাওস সীমান্তের কাছে ওই দুই পাইলটের দেহাবশেষসহ বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পায়।
অস্ট্রেলিয়ার জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী গ্রেগ কমবেট বলেন, "দুই পাইলটের দেহাবশেষ দেশে আনার মাধ্যমে ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ অস্ট্রেলীয় সেনাদের উদ্ধার সমাপ্ত হল।"
২০০৭ ও ২০০৮ সালে নিখোঁজ আরও চারজনের দেহাবশেষ অস্ট্রেলিয়ায় আনা হয়।
১৯৬২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা ভিয়েতনাম যুদ্ধে অস্ট্রেলিয়া প্রায় ৬০ হাজার সেনা পাঠিয়েছিল। এর মধ্যে প্রায় ৫২১ জন নিহত এবং ৩ হাজার আহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৬৪৮ ঘ.
bdnews24