ওয়াশিংটন, আগস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র বন্দি নির্যাতনের ঘটনা তদন্তে নিয়োজিত কৌসুঁলির সঙ্গে কথা নাও বলতে পারেন সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। এ তদন্তকে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং জাতীয় নিরাপত্তার জন্য অনিষ্টকর আখ্যা দিয়ে চেনি বলেছেন, এক্ষেত্রে সহযোগিতা সার্বিক পরিস্থিতির ওপর নির্ভর করবে।
বুশের শাসনামলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটকদের সিআইয়ে'র কারাগারে কঠোর জেরা ও নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ গভীরভাবে খতিয়ে দেখতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের এটর্নি জেনারেল এরিক হোল্ডার নতুন কৌসুঁলি নিয়োগ করেছেন। এ সিদ্ধান্তের তীব্র সমালোচকদের মধ্যে চেনি অন্যতম।
সদ্য নিয়োগপ্রাপ্ত বিশেষ কৌসুঁলি জন দুরহাম বন্দি নির্যাতন তদন্তে চেনির সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হবেন কিনা- জানতে চাওয়া হলে চেনি 'ফক্স নিউজ সানডে'কে বলেন, "এটি সার্বিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে।" তিনি বলেন, "এ বিষয়ে আমার দৃষ্টিকোণ থেকে আমি একেবারেই অকপট।"
রেকর্ডকৃত একটি সাক্ষাৎকারে চেনি আরও বলেন, "গত আট বছরে দেশকে রক্ষা করতে আমরা সফলভাবে যেসব কাজ করেছি তা নিয়ে আমি গর্ববোধ করি। আর আমি কি ভাবি তা খতিয়ে দেখার জন্য কোনো কৌসুঁলির প্রয়োজন নেই। আমি আগেই আমার মতামত জানিয়ে দিয়েছি।"
২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার হোতা হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মেদকে ১৮৩ বার পানিতে চুবানো, ড্রিল দিয়ে এক বন্দিকে ভয় দেখানো এবং মৃত্যুদন্ড দেওয়ার ভান করে বন্দিদের সঙ্গে উপহাস করার বিষয়টিসহ নির্যাতনের এরকম আরও ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিআইএ'র জিজ্ঞাসাবাদকারীরা এ সমস্ত নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
চেনি বলেন, কোন কোন ক্ষেত্রে বন্দিদের মুখ খোলাতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়েছে তা তিনি ওই সময়ে জানতেন না। তবে সিআইএ'র জিজ্ঞাসাবাদকারীদের পক্ষ নিয়ে চেনি বলেন, "হাজার হাজার মার্কিনির জীবন বাচাঁতে জেরার ওই কৌশল অত্যন্ত অপরিহার্য।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪৬ ঘ.
bdnews24