২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম চন্দ্রাভিযানে বিফল ভারত

স্যাটেলাইট সংযোগ হারিয়ে রোববার প্রথম চন্দ্রাভিযানের ইতি টেনেছে ভারত। চাঁদের কক্ষপথে পাঠানো প্রথম মানুষবিহীন নভোযান চন্দ্রযান-১ এর সঙ্গে শনিবার বিজ্ঞানীদের রেডিও সংযোগ পুরোপুরি ছিন্ন হয়ে যায়। ফলে মিশন শেষ করতে হয়েছে। ভারতের জাতীয় মহাকাশ সংস্থার মুখপাত্র একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2009, 04:28 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ব্যাঙ্গালোর, ৩১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্যাটেলাইট সংযোগ হারিয়ে রোববার প্রথম চন্দ্রাভিযানের ইতি টেনেছে ভারত। চাঁদের কক্ষপথে পাঠানো প্রথম মানুষবিহীন নভোযান চন্দ্রযান-১ এর সঙ্গে শনিবার বিজ্ঞানীদের রেডিও সংযোগ পুরোপুরি ছিন্ন হয়ে যায়। ফলে মিশন শেষ করতে হয়েছে। ভারতের জাতীয় মহাকাশ সংস্থার মুখপাত্র একথা জানিয়েছেন। ব্যাঙ্গালোরের 'স্পেস রিসার্চ অর্গানাইজেশন' (আইএসআরও) এর মুখপাত্র এস সতিশ বলেন, "আমাদের যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়েছে। মিশন শেষ করে দেওয়া হয়েছে। এই মিশন চালানোর আর কোনও যুক্তি নেই।" চন্দ্রযান-১ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় শনিবার সকালে। এর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। এশিয়ায় চীনের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশ প্রতিযোগিতায় নামতে ৭৯ মিলিয়ন ডলার ব্যয়ে এই চন্দ্রাভিযান শুরু করে ভারত। দুই বছরের মিশনে গত অক্টোবরে ভারত নভোযান মহাশূন্যে পাঠায়। একমাস পর একটি যান চাঁদে নামে এবং ভূপৃষ্ঠের ছবি পাঠায়। কিন্তু জুলাইয়ে চাঁদের কক্ষপথে থাকা মূল নভোযানের একটি গুরুত্বপূর্ণ সেন্সর বিকল হয়ে গেলে মিশন শেষ করা নিয়ে সংশয় দেখা দেয়। সতিশ জানান, এবার চন্দ্রযান-২ চাঁদে পাঠানোর প্রস্তুতি শুরু হয়েছে। এটিও হবে চাঁদে মানুষবিহীন অভিযান। ২০১২ সাল নাগাদ এটি চাঁদে পাঠানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১১১৪ ঘ.