বোস্টন, আগস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির শেষকৃত্যানুষ্ঠান শনিবার বাংলাদেশ সময় গভীর রাতে যুক্তরাষ্ট্রের বোস্টনে একটি রোমান ক্যাথলিক গির্জায় অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পতাকায় মোড়ানো কেনেডির কফিন নিয়ে যাওয়া হয় বোস্টনের ওই গির্জায়।
শেষকৃত্যানুষ্ঠানে তার প্রতি শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বিল ক্লিনটন এবং জিমি কার্টার। এছাড়া আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির নেতারা।
কেনেডির প্রতি শ্রদ্ধা জানিয়ে বারাক ওবামা বলেন, "তিনি ছিলেন আমাদের সময়ের সবচেয়ে বড় মাপের আইনপ্রণেতা। আমি তাকে জেনেছি একজন সহকর্মী, পরামর্শক এবং সর্বোপরি একজন বন্ধু হিসেবে।"
শেষকৃত্যানুষ্ঠান শেষে কেনেডির মরদেহ নিয়ে যাওয়া হবে ওয়াশিংটনে। সেখানে আর্লিংটন ন্যাশনাল সেমেট্রিতে তার ভাই সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও সিনেটর রবার্ট কেনেডির পাশে তাকে সমাহিত করা হবে।
এর আগে জন এফ কেনেডি লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে তার কফিন নিয়ে যাওয়া হয়। সেখানে এক সংক্ষিপ্ত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মার্কিন রাজনীতির এই বিশাল ব্যক্তিত্বের মৃত্যুকে যেন এক মহারাজার মহাপ্রয়াণ হিসেবে শোক ও শ্রদ্ধা জানাচ্ছে হচ্ছে যুক্তরাষ্ট্রের জনগণ।
বছরাধিকাল মস্তিস্কের ক্যান্সারের সঙ্গে লড়ে মঙ্গলবার ৭৭ বছর বয়সে ম্যাসাচুসেটসে নিজ বাসায় মারা যান তিনি। ৪৭ বছর তিনি প্রভাবশালী সিনেটর হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। অর্ধশতক ধরে তিনি যুক্তরাষ্ট্রের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
২০০৩ সালে কেনেডির মেয়ে কারা ক্যান্সারে আক্রান্ত হলে তিনি প্রতিদিন 'আওয়ার লেডি অফ পারপেচুয়াল হেল্প ব্যাসিলিকায়' নিয়মিত প্রার্থনা করতেন। কারা গির্জাটির পাশেই একটা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কারার বয়স এখন ৪৯ বছর।
শুক্রবার জন এফ কেনেডি লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। সেখানে প্রায় ৫০ হাজার লোক সিনেটর কেনেডির প্রতি শেষ শ্রদ্ধা জানান। জাতীয় পতাকায় আবৃত কেনিডির কফিনের সামনে অনেকে অশ্র"সজল হয়ে ওঠেন।
এরপর আরেক স্মরণঅনুষ্ঠানে রিপাবলিকান ও ডেমোক্র্যাটিক দলের শীর্ষ সদস্যরা, বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করেন তার প্রতি।
যুক্তরাষ্ট্রের কিংবদন্তি এ রাজনীতিক নাগরিক অধিকার এবং স্বাস্থ্যসেবা বিলের জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন। এছাড়া দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানে, আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ইরাক যুদ্ধেরও বিরোধিতা করেন।
মার্কিন নীতির তুমুল বিরোধিতা করে কেনেডি বাংলাদেশের মু্িক্তযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিলেন। যুদ্ধের সময় তিনি পশ্চিমবঙ্গে শরণার্থী শিবির পরিদর্শন করেন। প্রায় ৯ লাখ বাংলাদেশী শরণার্থীর দুর্দশা সম্পর্কে এ সময় তিনি সিনেটে অত্যন্ত মর্মস্পর্শী প্রতিবেদন জমা দিয়েছিলেন।
'পূর্ববঙ্গে সন্ত্রাসের রাজত্ব চলছে' মন্তব্য করেছিলেন এডওয়ার্ড। সেইসঙ্গে পূর্ববঙ্গে মানবিক ও রাজনৈতিক দুর্দশার জন্য পশ্চিম পাকিস্তানের (ইসলামাবাদ) প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন 'দুষ্কর্মে সহযোগিতা করার চেয়ে কোনও অংশে কম নয়' বলেও কড়া বক্তব্য দিয়েছিলেন।
শরণার্থীদের প্রতি বিশ্বের মনোযোগ আকৃষ্ট করা এবং তাদের সাহায্যের ব্যবস্থা করারও চেষ্টা নেন তিনি। ১৯৭২ সালে এডওয়ার্ড কেনেডি সদ্য জন্ম নেওয়া বাংলাদেশে আসেন। এখানে তিনি একটি শোভাযাত্রায় অংশ নেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০১২৯ ঘ.
bdnews24