২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের এমপি বলেছেন, বন্দি ধর্ষণের প্রমাণ মিলেছে

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর কারাগারে পাঠানো কয়েকজন সংস্কারকামী বিক্ষোভকারীকে ধর্ষণের অভিযোগ পার্লামেন্টারি তদন্ত কমিটির কাছে প্রমাণিত হয়েছে। নাম না প্রকাশ করে কয়েকজন এমপির উদ্ধৃতি দিয়ে একটি ওয়েবসাইটে বৃহস্পতিবার এতথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 02:18 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

তেহরান, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পর কারাগারে পাঠানো কয়েকজন সংস্কারকামী বিক্ষোভকারীকে ধর্ষণের অভিযোগ পার্লামেন্টারি তদন্ত কমিটির কাছে প্রমাণিত হয়েছে। নাম না প্রকাশ করে কয়েকজন এমপির উদ্ধৃতি দিয়ে একটি ওয়েবসাইটে বৃহস্পতিবার এতথ্য জানানো হয়েছে। পারলেমাননিউজ ওয়েবসাইট কমিটির কয়েকজন সদস্যকে উদ্ধৃত করে বলেছে, "বেশ কয়েকজন বন্দিকে ধর্ষণের বিষয়টি আমাদের কাছে প্রমাণিত হয়েছে।" নির্বাচনে পরাজিত প্রার্থী, মধ্যপন্থি নেতা মেহেদি কারৌবি আটাকাবস্থায় বন্দিদের ধর্ষণ করার অভিযোগটি করেছিলেন। কর্তৃপক্ষ ওই অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়। তবে পার্লামেন্টের স্পিকার আলী লারিজানি গত সপ্তাহে বলেন, তিনি কারৌবির দাবির পক্ষে দেওয়া তথ্যপ্রমাণ যাচাই করে দেখতে প্রস্তুত। কারৌবি বলেছিলেন, কারাগারে যৌননির্যাতনের শিকার চারজন পার্লামেন্টের সামনে সাক্ষ্যপ্রমাণ তুলে ধরতে চায়। ওই অভিযোগ তোলার পর কট্টরপন্থি ইরানি নেতাদের অনেকে খেপে গিয়ে বলেন, ওই অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হলে কারৌবিকে কারাগারে নিক্ষেপ বা বেত্রাঘাত করা উচিত। নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকারী মীরহোসেন মুসাভিও কারৌবির দাবির প্রতি সমর্থন জানিয়ে বলেন, বিদ্যমান ব্যবস্থার এজেন্টরাই বন্দিদের ধর্ষণ ও নির্যাতন চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৩৩ ঘ.