লন্ডন, আগস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা পুনরায় শুরুর ব্যাপারে অগ্রগতি হচ্ছে উল্লেখ করে বুধবার শিগগিরি তা করতে সক্ষম হওয়ার আশা প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
শান্তি আলোচনা শুরুর চেষ্টায় পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার আহ্বান উপেক্ষা করে আসছে ইসরায়েল। বিষয়টি নিয়ে বিরল বিরোধে জড়িয়েছে দীর্ঘদিনের দুই মিত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
বুধবার সকালে লন্ডনে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জর্জ মিচেলের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। এ বৈঠককে 'খুবই ফলপ্রসূ' আখ্যা দিয়েছেন দুজনই।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যুকৃত যৌথ বিবৃতি বলা হয়েছে, "তারা দুজনেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে অর্থপূর্ণ আলোচনা পুনরায় শুরুর গুরুত্ব, সামগ্রিক শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া এবং শান্তির লক্ষ্যে সব পক্ষেরই বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে একমত হয়েছেন।"
এতে আরও বলা হয়েছে, "প্রধানমন্ত্রী এবং সিনেটরের বৈঠকে ব্যাপক অগ্রগতি হয়েছে। এর ধারাবাহিকতায় আগামী সপ্তাহে সিনেটর মিচেলের সঙ্গে ইসরায়েলের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে।"
ওদিকে, নেতানিয়াহু জানিয়েছেন, মিচেল আগামী মাসে ইসরায়েল সফরে যাবেন।
ইসরায়েলের মুখপাত্র মার্ক রেগেভ লন্ডনের সাংবাদিকদের জানান, ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তির আওতায় কয়েক সপ্তাহের মধ্যেই শান্তি আলোচনা শুরু হতে পারে।
তিনি বলেন, "এখন লক্ষ্য হচ্ছে শান্তি আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি কর্মকাঠামোর ব্যাপারে ওয়াশিংটনের সঙ্গে একমত হওয়া।"
রেগেভ আরও বলেন, "ওই প্রক্রিয়া অর্থবহ হতে হলে আরব বিশ্বকেও এতে অংশ নিতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৮ ঘ.
bdnews24