কাবুল, আগস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে মঙ্গলবার নির্বাচনের আংশিক ফল প্রকাশের পরপরই কান্দাহারে বড় ধরনের গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে ৪০ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে। সন্ধ্যার পর ইফতারির সময় চালানো এ হামলায় একটি রেস্টুরেন্ট এবং দোকানে আগুন ধরে যাওয়া ছাড়াও কয়েকটি বাড়ি ধসে পড়েছে। রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন। হতাহতদের সবাই বেসামরিক আফগান বলে জানিয়েছেন প্রাদেশিক গভর্নর আহমেদ ওয়ালি কারজাই।
বিস্ফোরণটি একটি বড় ট্রাক বোমা থেকে নাকি ছোট ছোট কয়েকটি ডিভাইস থেকে ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে দক্ষিণাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে ৪ মার্কিন সেনা নিহত হয়। ন্যাটো ও মার্কিন বাহিনী একথা জানায়।
বিবিসি জানিয়েছে, কান্দাহারে হামলার ঘটনার দায় কেউ স্বীকার করেনি। কান্দাহার তালেবানদের ঘাঁটি। এ নগরীতে এ বছর বেশ কয়েকটি বোমা হামলা হয়েছে।
কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, বোমাগুলো একটি গাড়িতে লুকানো ছিল। অন্যান্য খবরে বলা হয়েছে বোমা হামলার জন্য একটি ট্রাক এবং ট্যাংকার ব্যবহার করা হয়েছে। কান্দাহারের প্রাদেশিক কাউন্সিলের কাছে হামলা হয়। ওই এলাকায় কয়েকটি হোটেল এবং বেসরকারি প্রতিষ্ঠানের কার্যালয় আছে।
কান্দাহার প্রাদেশিক কাউন্সিলের এক সদস্য আগা লালাই এএফপি বার্তা সংস্থাকে বলেন, "এটি ছিল ভূমিকম্পের মতো। বিদ্যুৎ চলে গিয়েছিল। বিশাল একটি বিস্ফোরণ হয়। পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছে।"
হামলার আগে প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ফলে দেখয গেছে, বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রায় সমানে সমান অবস্থানে আছেন। এতে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে মনে হচ্ছে। কিন্তু এরই মধ্যে একের পর এক বোমা হামলার ঘটনায় জয়ী প্রার্থী নানা সমস্যার মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে।
২০০১ সালে তালেবান শাসনের পতনের পর এটি আফগানিস্তানে ২য় ভোট। এ নির্বাচনকে প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা উভয়ের জন্যই বড় ধরনের পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে।
নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ১০ শতাংশ ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন।
প্রধান নির্বাচন কমিশনার দাউদ আলী নাজাফি সংবাদ ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার পর্যন্তগণনায় কারজাই পেয়েছেন ৪১ শতাংশ ভোট। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ পেয়েছেন ৩৯ শতাংশ। প্রায় ৫ লাখ ২৪ হাজার ভোটের মধ্যে আবদুল্লাহ বর্তমান প্রেসিডেন্ট থেকে মাত্র ১০ হাজার ভোটে পিছিয়ে আছেন।
গত বৃহস্পতিবার ভোটগ্রহণ হওয়ার পর কারজাই ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুজনেই জয় দাবি করার দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। আবদুল্লাহ ও অন্য প্রতিদ্বন্দ্বীরা কারজাইর বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন।
মঙ্গলবারও, আংশিক ফল ঘোষণার আগেই কারজাইয়ের জয় দাবি করেছেন অর্থমন্ত্রী হযরত ওমর জাখিলওয়াল। বিরোধী শিবির এ দাবি নাকচ করেছে। ওদিকে, নির্বাচনে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখার মাঝে নির্বাচনী প্রার্থী এবং ভোটারদেরকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ দূত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৪৬ ঘ.
bdnews24