২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১০ শতাংশ ভোট গণনায় সামান্য এগিয়ে কারজাই

আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রায় সমানে সমান অবস্থা বজায় রেখেছেন। এতে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে মনে হচ্ছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2009, 02:09 PM

Updated : 26 Aug 2022, 11:57 AM

কাবুল, আগস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনের আংশিক ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই ও নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ প্রায় সমানে সমান অবস্থা বজায় রেখেছেন। এতে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশন মঙ্গলবার জানিয়েছে, ১০ শতাংশ ভোট গণনায় বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ থেকে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন। প্রধান নির্বাচন কমিশনার দাউদ আলী নাজাফি সংবাদ ব্রিফিংয়ে বলেন, মঙ্গলবার পর্যন্তগণনায় কারজাই পেয়েছেন ৪১ শতাংশ ভোট। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ পেয়েছেন ৩৯ শতাংশ। প্রায় ৫ লাখ ২৪ হাজার ভোটের মধ্যে আবদুল্লাহ বর্তমান প্রেসিডেন্ট থেকে মাত্র ১০ হাজার ভোটে পিছিয়ে আছেন। কারজাইকে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচন এড়াতে হলে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ভোটের এই প্রাথমিক ফলাফল নিয়ে সতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এই প্রাথমিক ফলাফলে বিভ্রান্তি তৈরি হতে পারে। তুরস্কে সাংবাদিকদের হলব্র"ক বলেন, "মাত্র ১০ শতাংশের ভোট গণনায় জয়পরাজয় সম্পর্কে বলা যাবে না।...এটা বলা খুবই আগাম হয়ে যাবে।" গত বৃহস্পতিবার ভোটগ্রহণ হওয়ার পর কারজাই ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী দুজনেই জয় দাবি করার দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা বিরাজ করছে। আবদুল্লাহ ও অন্য প্রতিদ্বন্দ্বীরা কারজাইর বিরুদ্ধে নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছেন। মঙ্গলবারও, আংশিক ফল ঘোষণার আগেই কারজাইয়ের জয় দাবি করেছেন অর্থমন্ত্রী হযরত ওমর জাখিলওয়াল। বিরোধী শিবির এ দাবি নাকচ করেছে। ওদিকে, নির্বাচনে জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখার মাঝে নির্বাচনী প্রার্থী এবং ভোটারদেরকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ দূত। কাবুলে এক নৈশভোজে সাংবাদিকদের জাখিলওয়াল জানান, মন্ত্রিসভার সদস্য হিসেবে তাকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে দেখা গেছে, প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশজুড়ে সমর্থন পেয়েছেন। তিনি জানান, মোট ৫০ লাখ ভোটের মধ্যে ৪৫ লাখ গণনা শেষ হয়েছে। তিনি জানান, কারজাই শতকরা ৬৮ শতাংশ বা ৩০ লাখের বেশি ভোট পেয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আব্দুল্লাহ পেয়েছেন ১০ লাখের বেশি ভোট। তালেবানদের হামলা নির্বাচন বন্ধ করতে ব্যর্থ হয়েছে। তবে দক্ষিণাঞ্চলে সহিংসতার কারণে ভোটগ্রহণ কিছুটা ব্যাহত হয়েছে। ২০০১ সালে তালেবান শাসনের পতনের পর এটি আফগানিস্তানে ২য় ভোট। জাতিসংঘের দূত কাই ইদে নির্বাচনে কিছু সমস্যা থাকার কথা স্বীকার করেছেন। তবে তিনি লোকজনকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ নিয়োজিত ইলেকশন কমপ্লেইন্ট কমিশন (ইসিসি) নির্বাচনের অভিযোগ যাচাই করে না দেখা পর্যন্ত এই ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইদে বলেন, "নির্বাচনের আগের দিন এবং নির্বাচনের দিনে কিছু অনিয়ম হয়েছে তাতে কোনও সন্দেহ নেই।" তিনি বলেন, "আমি প্রার্থীরাসহ দুই পক্ষের প্রচার শিবির এমনকি ভোটারদেরকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আবেদন জানাচ্ছি। ইসিসিকে তাদের কাজ করতে দেওয়ার জন্য এই শান্তবস্থা প্রয়োজন।" এদিকে মঙ্গলবার আফগানিস্তানে রাস্তার পাশে পেতে রাখা বোমায় চার মার্কিন সেনা নিহত হয়েছে। মৃত্যুর এই সংখ্যা বাড়ায় ২০০১ সালে তালেবান সরকার উৎখাতের পর বর্তমান বছরটি বিদেশি সেনাদের জন্য সবচেয়ে রক্তাক্ত বছরে পরিণত হল। আফগানিস্তানের পরিস্থিতি যে দিন দিন অবনতির দিকে যাচ্ছে তারও প্রমাণ মিলল নতুন করে মার্কিন সেনাদের মৃত্যুতে। ন্যাটোর এক বিবৃতিতে জানানো হয়েছে, আফগানিস্তানের দক্ষিণে, তালেবানদের শক্ত অবস্থানের এলাকায় ওই চার সেনা নিহত হয়েছে। বিবৃতিতে আর কিছু জানানো হয়নি। এ নিয়ে ২০০৯ সালে দেশটিতে বিদেশি সেনার মৃত্যর সংখ্যা ২৯৫ এ দাঁড়াল। গত বছর নিহত হয়েছিল ২৯৪ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৩১ ঘ.