সানা, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে হামিদ কারজাইয়ের প্রধান প্রতিপক্ষ আব্দুল্লাহ আবদুল্লাহ রোববার ভোট জালিয়াতির অভিযোগ করেছেন। এর প্রমাণ আছে বলেও দাবি করেছেন তিনি।
নির্বাচনের তিনদিন পর এক সাংবাদিক সম্মেলনে আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, "আমরা প্রাথমিক যে রিপোর্ট পাচ্ছি তা উদ্বেগজনক। দেশজুড়ে নির্বাচনে হাজার হাজার অনিয়মের ঘটনা ঘটে থাকতে পারে--এ ব্যাপারে সন্দেহের কোনও অবকাশ নেই।"
বৃহস্পতিবারের নির্বাচনের পর ভোট গণনা এখনও চলছে। কিন্তু ভোটের প্রাথমিক আনুষ্ঠানিক ফল মঙ্গলবারের আগে হবে বলে মনে করা হচ্ছে না।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট হামিদ কারজাই নির্বাচনে জিতবেন বলে মনে করা হচ্ছে। জরিপেও তেমনটিই দেখা গেছে। তবে আবদুল্লাহর সঙ্গে ২য় দফা নির্বাচন এড়ানোর মতো ভোট তিনি পাবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫৬ ঘ.
bdnews24