২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তান যুদ্ধের বিরোধী অধিকাংশ ব্রিটিশ: জরিপ

ব্রিটেনের দুই-তৃতীয়াংশেরও বেশি নাগরিক মনে করে, সেনাদের আফগানিস্তানে যুদ্ধ করা উচিত নয়। আর প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আফগানিস্তান যুদ্ধ ভালোভাবে সামাল দিচ্ছেন এমন ধারণা পোষণ করে মাত্র ১ দশমিক ৫ শতাংশ মানুষ। 'দ্য মেইল' পত্রিকার জন্য ইন্টারনেটে ২০ থেকে ২১ আগস্ট পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2009, 10:05 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

লন্ডন, আগস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ব্রিটেনের দুই-তৃতীয়াংশেরও বেশি নাগরিক মনে করে, সেনাদের আফগানিস্তানে যুদ্ধ করা উচিত নয়। আর প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আফগানিস্তান যুদ্ধ ভালোভাবে সামাল দিচ্ছেন এমন ধারণা পোষণ করে মাত্র ১ দশমিক ৫ শতাংশ মানুষ। 'দ্য মেইল' পত্রিকার জন্য ইন্টারনেটে ২০ থেকে ২১ আগস্ট পরিচালিত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। ২ হাজার জনের ওপর চালানো এ জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের তিন-চতুর্থাংশই মনে করে, আফগানিস্তান যুদ্ধের কারণে সন্ত্রাস থেকে ব্রিটিশদের নিরাপত্তা বাড়ছে না। এতে করে আফগান যুদ্ধ চালানোর ব্রিটিশ সরকারের যুক্তি খর্ব হওয়ারই আভাস পাওয়া গেছে। ব্রিটিশ সরকার গত কয়েকমাস ধরেই যুক্তি দিয়ে আসছে যে, ব্রিটেনের মাটিকে হামলামুক্ত রাখার চেষ্টাতেই আফগানিস্তানে লড়াই চালানো হচ্ছে। আফগানিস্তানে ব্রিটেনের প্রায় ৯ হাজার সেনা মোতায়েন আছে। তারা বেশিরভাগই লড়ছে দেশের দক্ষিণে। ওই অঞ্চলে তালেবানরা শক্তিশালী। ২০০১ সালের পর থেকে জুলাই এবং আগস্টেই আফগানিস্তান যুদ্ধে ব্রিটিশ সেনা নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। গত সাত সপ্তাহে নিহত হয়েছে ৩ ডজনেরও বেশি সেনা। মোট সেনা নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৬ জনে। ৫ বছরে ইরাক যুদ্ধে ব্রিটিশ সেনা নিহতের সংখ্যার চেয়ে এ সংখ্যা প্রায় ৩০ জন বেশি। ব্রিটিশ সেনাদের আফগানিস্তানে যুদ্ধ করা উচিত কিনা--- এ প্রশ্নের জবাবে মাত্র ৩১ মথাংশ ব্রিটিশ 'হ্যাঁ' উত্তর দিয়েছে। আর ৬৯ শতাংশই বলেছে 'না'। ব্রাউন ওই যুদ্ধ কিভাবে সামাল দিচ্ছেন? এ প্রশ্নের জবাবে ১ দশমিক ৫ শতাংশ মানুষ বলেছে, 'খুবই ভাল'। ২৬ শতাংশ বলেছে, 'মোটামুটি ভাল'। কিন্তু ৪০ শতাংশই বলেছে, আফগানিস্তান যুদ্ধ 'খারাপভাবে' পরিচালিত হচ্ছে এবং ৩২ শতাংশ এ যুদ্ধ 'খুবই খারাপভাবে' পরিচালিত বলে মত দিয়েছে। বিপিআইএক্স পরিচালিত এ জরিপে আরও দেখা গেছে, এ মুহুূর্তে নির্বাচন অনুষ্ঠান করা হলে বিরোধীদল কনজারভেটিভরা ৩৬ শতাংশ ভোট পাবে। অন্যদিকে, ক্ষমতাসীন লেবার পার্টি পাবে ২৪ শতাংশ এবং লিবারেল ডেমোক্র্যাটরা পাবে ১৭ শতাংশ ভোট। ব্রিটিনে পরবর্তী পার্লামেন্ট নির্বাচন আগামী বছর জুনের মধ্যেই অনুষ্ঠিত হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ ঘ.