২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে রমজানও অনেকের পার হবে উদ্বাস্ত দশায়

পাকিস্তানে কয়েক লাখ মানুষ শরণার্থী শিবিরে থেকেই রমজান মাসের রোজা শুরু করতে যাচ্ছে। সোয়াত উপত্যকাসহ উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানবিরোধী সামরিক অভিযানে বাস্তুচ্যুত এসব লোক আশ্রয়শিবিরে ত্রাণনির্ভরতার ওপর ভর করে রোজা রাখা এবং সামনে ঈদের কল্পনা করে দুঃখভাড়াক্রান্ত গলায় তাদের কষ্টের কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 08:52 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ইসলামাবাদ, পাকিস্তান, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে কয়েক লাখ মানুষ শরণার্থী শিবিরে থেকেই রমজান মাসের রোজা শুরু করতে যাচ্ছে। সোয়াত উপত্যকাসহ উত্তর-পশ্চিমাঞ্চলে তালেবানবিরোধী সামরিক অভিযানে বাস্তুচ্যুত এসব লোক আশ্রয়শিবিরে ত্রাণনির্ভরতার ওপর ভর করে রোজা রাখা এবং সামনে ঈদের কল্পনা করে দুঃখভাড়াক্রান্ত গলায় তাদের কষ্টের কথা বলেছেন। একটি হাঁস-মুরগির খামারকে আশ্রয়শিবিরে রূপান্তরিত করার পর সেখানে ৭ সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে ঠাঁই পেয়েছেন ৩৫ বছর বয়সী বিবি আমেনা। সেনাবাহিনী তালেবানদের ওপর বিমান হামলা শুরু করলে সোয়াতের মনোরম পরিবেশের বাড়িঘর ছেয়ে এখানে পালিয়ে আসেন তারা। হতাশস্বরে আমেনা বলেন, "এখানে রমজান কাটাতে হবে ভাবতে পারছি না। আমরা বাড়িতে ফিরে যেতে চাই। স্বাভাবিক জীবনে ফিরতে চাই।" "কিন্তু এখানে থেকে যাওয়া ছাড়া উপায় দেখছি না। যুদ্ধে আমার বাড়ি গুঁড়িয়ে গেছে। আমার বাচ্চাদের স্কুলও আস্ত নেই। অর্থকড়িও হাতে নেই, ফিরে গিয়ে চলব কীভাবে।" ইসলামাবাদের ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ইচরিয়ান নামের গ্রামের হাঁস-মুরগির খামারকে আশ্রয়শিবির বানিয়ে গ্রামবাসীই তাদের খাবার জোগাচ্ছে। এখানে আমেনারা শুধু নয়, আশ্রয় নিয়েছে প্রায় ৩ শ' জন। ২৫ বছর বয়সী মোহাম্মদ আলম স্ত্রীকে নিয়ে তিন মাস আগে মিঙ্গোরা শহর থেকে এখানে এসেছেন। "প্রথম এখানে এসে ভড়কে গিয়েছিলাম। শুধু একটি চালা ছিল পশু-পাখি থাকার জন্য। আমার মন বলছিল, স্থানটি মুরগির খোয়াড়, মানুষের থাকার জন্য নয়।" বলেন আলম। আন্তর্জাতিক রেডক্রস পাকিস্তানের রেডক্রিসেন্ট সোসাইটির সঙ্গে মিলে পরে এখানে পায়খানা তৈরি করেছে, খাবার পানির ব্যবস্থা করেছে। যুদ্ধের শিকার হয়ে আশ্রয় নেওয়া লোকদের মনোবৈকল্য থেকে রক্ষা করতে একটি মনস্তাত্ত্বিক কেন্দ্রও প্রতিষ্ঠা করেছে তারা। আলম বলেন, "আমরা ঈদে বাড়িতে ফিরতে চাই। রমজান মাসটা পরিবার থেকে দূরে এখানেই কাটাতে হবে। এই পরিবেশে রোজা রাখা, তারপর ঈদ করা খুবই কষ্টের হবে। এ জীবনে আমরা অভ্যস্ত নই।" উত্তর-পশ্চিমাঞ্চলে এপ্রিলের দিকে সামরিক অভিযান শুরু হলে প্রায় ২৩ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে সরে পড়তে বাধ্য হয়। সোয়াত ও এর আশপাশ তালেবান মুক্ত করার পর অনেকে ফিরে গেছে। আবার অনেকের বাড়িঘর বিধ্বস্ত হওয়ায় এবং তালেবানদের ফিরে আসার দুঃশ্চিন্তায় তারা ফেরার সাহস পাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫৫২ ঘ.