২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকারবি বোমাহামলাকারীর সঙ্গে দেখা করেছেন গাদ্দাফি

স্কটল্যান্ড থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে যাওয়া লকারবি বোমা হামলাকারীর সঙ্গে শনিবার দেখা করেছেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। টেলিভিশন চিত্রে এ দৃশ্য দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2009, 05:52 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

লন্ডন, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- স্কটল্যান্ড থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে যাওয়া লকারবি বোমা হামলাকারীর সঙ্গে শনিবার দেখা করেছেন লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি। টেলিভিশন চিত্রে এ দৃশ্য দেখা গেছে। বিবিসিতে লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন থেকে নেওয়া ওই ফুটেজ দেখানোর পাশাপাশি বলা হয়েছে, প্যান অ্যাম বিমানে বোমা হামলার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আবদুল বাসেত আল-মেগ্রাহিকে মানবিক কারণে মুক্তি দিয়ে লিবিয়ায় ফিরতে দেওয়ায় স্কটল্যান্ডের 'সাহসের' প্রশংসা করেছেন গাদ্দাফি। চিকিৎসকদের হিসাব অনুযায়ী ক্যান্সার আক্রান্ত মেগ্রাহি তিন মাসেরও কম সময় বাঁচবেন। টিভিচিত্রে দেখা যায়, সাবেক গোয়েন্দা এজেন্ট মেগ্রাহিকে জড়িয়ে ধরেছেন গাদ্দাফি। তিনি বেশ কিছুক্ষণ তার সঙ্গে কথা বলেন। গত বৃহস্পতিবার মেগ্রাহি ত্রিপোলিতে পৌঁছালে তাকে বীরোচিত সংবর্ধনা দেওয়া হয়। এ ঘটনার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। মানবিক কারণে মুক্তি দেওয়ার পর এখন আন্তর্জাতিক অঙ্গন থেকে ওঠা সমালোচনার ধাক্কা সামলানোর চেষ্টা চালাচ্ছে লন্ডন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড শুক্রবার বিবিসি রেডিওকে বলেছেন, "একজন গণহত্যাকারী ত্রিপোলিতে বীরের সংবর্ধনা পাচ্ছে এ দৃশ্য খুবই হতাশা ও দুঃখজনক। ২৭০টি পরিবার ২১ বছর আগে হারানো প্রিয়জনের জন্য যখন প্রতিদিন শোকাচ্ছন্ন হয়, তারসঙ্গে এ দৃশ্য বেমানান।" তিনি আরও বলেন, "লিবীয় সরকার আগামী কয়েকদিন বিষয়টিকে কীভাবে সামলাবে তার ওপর নির্ভর করেই বিশ্ববাসী দেশটির সভ্যসমাজে পুনরায় প্রবেশের চেষ্টাকে বিচার করবে।" ৫৭ বছর বয়সী মেগ্রাহি ব্রিটেনের টাইমস পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, তিনি মৃত্যুর আগে নতুন তথ্যপ্রমাণ হাজির করবেন যাতে প্রমাণিত হবে ১৯৮৮ সালে লকারবির আকাশে ওই বোমা হামলায় তিনি কোনোভাবেই জড়িত ছিলেন না। শনিবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। তার মুক্তিতে আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্ট ক্ষোভ ও ক্রোধ প্রত্যাখ্যান করে মেগ্রাহি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্যদের জানা উচিত, তিনি দেশে ফিরে হাসপাতালে চিকিৎসা ও মৃত্যুর জন্য অপেক্ষা ছাড়া আর কিছু করবেন না। ১৯৮৮ সালে লকারবির আকাশে বোমা হামলায় বিধ্বস্ত বিমানটির নিহত যাত্রীদের স্বজনদের পাশাপাশি যুক্তরাষ্ট্রও মেগ্রাহির মুক্তির তীব্র নিন্দা জানিয়েছে। স্কটল্যান্ড সরকারের এ পদক্ষেপকে ভুল আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বৃহস্পতিবার স্কটল্যান্ড মেগ্রাহিকে মুক্তি দেওয়ার পর ওবামা বলেন, "আমরা এর আপত্তি জানাতে স্কটিশ সরকারের সঙ্গে যোগাযোগ করেছি।" যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী কর্মকর্তাসহ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মেগ্রাহির মুক্তিতে দুঃখ প্রকাশ করেছেন এবং লিবিয়া মেগ্রাহিকে কিভাবে স্বাগত জানায় তার ওপরই ওয়াশিংটনের সঙ্গে লিবিয়ার সম্পর্ক নির্ভর করছে বলে ইঙ্গিত দেয় মার্কিন পররাষ্ট্রবিভাগ। স্কটল্যান্ডের লকারবি শহরে মার্কিন প্যান অ্যাম ফ্লাইটে বোমা হামলার বিচারে ২০০১ সালে একমাত্র শাস্তি হয় মেগ্রাহির। ওই হামলায় বিমানটির ২৫৯ জন আরোহীর সবাই এবং মাটিতে আরও ১১ জন নিহত হয়। এদের মধ্যে ১৮৯ জনই আমেরিকার নাগরিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩০৫ ঘ.