মোগাদিসু, ২১ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শুক্রবার ইসলামি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনী ও আফ্রিকান ইউনিয়নের (এউ) শান্তিরক্ষী বাহিনীর লড়াইয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও হাসপাতালের কর্মীরা একথা জানিয়েছেন।
নগরীর গুরুত্বপূর্ণ কে-ফোর জংশনে খুব ভোরের দিকে বিদ্রোহীরা এউ ও সরকারি বাহিনীর ঘাঁটিতে হামলা চালালে যুদ্ধ শুরু যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর আরও তিনটি এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
সারা সকাল ধরে সংঘর্ষ চলে। এতে নিহতের সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নগরীর বাসিন্দারা আতঙ্কে তাদের বাড়িঘরের গুটিশুঁটি মেরে পরে থাকে। তাদের চারপাশে মর্টারের গোলা বিস্ফোরিত হচ্ছিল, বাড়ির দেয়াল গুলি আঘাত করতে থাকে।
অ্যাম্বুলেন্স সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা আলী মুসা রয়টার্সকে বলেন, "আমরা ১৭টি মৃতদেহ দেখেছি। ৪০ জন আহতকে হাসপাতালে নিয়ে গেছি।"
মোগাদিসুর ব্যস্ততম এলাকা বাকারা মার্কেটের একজন ব্যবসায়ী নেতা বলেন, তাদের এলাকায় আরও পাঁচ ব্যক্তি নিহত হয়েছে। একটি রেস্তোরাঁর ওপর মর্টার সেল বিস্ফোরিত হলে এরা নিহত হয়।
১৮ বছর ধরে চলা গৃহযুদ্ধে বিধ্বস্ত সোমালিয়ায় জঙ্গি গোষ্ঠীগুলোর নিরাপদ বিকাশস্থল হয়ে উঠেছে বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই জঙ্গিরা সেখান থেকে হর্ন অব আফ্রিকা ও এর বাইরের দেশগুলোতে হামলার পরিকল্পনা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬২৭ ঘ.
bdnews24