২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের ভোটে সফলতার প্রশংসায় ওবামা

আফগানিস্তানে তালেবানদের হুমকির মুখেও নির্বাচন সফল হয়েছে বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে তালেবানদের বিরুদ্ধে লড়াই শেষ করার ওপর জোর দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 05:43 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

ওয়াশিংটন, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- আফগানিস্তানে তালেবানদের হুমকির মুখেও নির্বাচন সফল হয়েছে বলে প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে তালেবানদের বিরুদ্ধে লড়াই শেষ করার ওপর জোর দেওয়ার অঙ্গীকার করেছেন তিনি। তালেবানদের হুমকি এবং বিক্ষিপ্ত হামলা উপেক্ষা করে লাখ লাখ ভোটার বৃহস্পতিবার ভোট দিয়েছে। হোয়াইট হাউস থেকে ওবামা বলেছেন, তালেবানদের নির্বাচন বানচালের হুমকি সত্ত্বেও আফগানিস্তানে ভোট সফল হয়েছে বলেই মনে করছি আমরা। এখন আফগানিস্তানে তালেবান বিরোধী লড়ইয়ের ওপর জোর দিতে হবে। তবে এতে কিছু সময় লাগবে। তালেবানদের অগ্রযাত্রার রাশ টেনে ধরতে ওবামার নতুন কৌশলের পরীক্ষা ছিল আফগানিস্তানের এবারের নির্বাচন। হোয়াইট হাউস জানিয়েছে, সহিংসতার মধ্যেও বহু সংখ্যক ভোটার নির্বাচনে ভোট দিয়েছে। আনুষ্ঠানিক ফল ঘোষণা দু সপ্তাহের আগে হবে না বলেই মনে করা হচ্ছে। তবে প্রাথমিক ফলে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রচারাভিযানের প্রধান দীন মোহাম্মদ শুক্রবার প্রথমদফা ভোটে জয় দাবি করেছেন। কারজাই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে ২য় দফা ভোট এড়িয়েছেন বলে দাবি করেছেন তিনি। রয়টার্সকে তিনি বলেন, "প্রাথমিক ফলে দেখা গেছে, প্রেসিডেন্ট কারজাই সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন।" তবে তিনি বলেন, আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, " আমরা ২য় দফা ভোটে যাব না। আমরা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৯ ঘ.