২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে গড়আয়ু বেড়ে এখন ৭৮ বছর

যুক্তরাষ্ট্রের মানুষের গড়আয়ু এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ ৭৭ দশমিক ৯ বছরে পৌঁছেছে। মার্কিন সরকারের পরিসংখ্যানে বুধবার একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ওয়াশিংটন, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---যুক্তরাষ্ট্রের মানুষের গড়আয়ু এ যাবৎ কালের মধ্যে সর্বোচ্চ ৭৭ দশমিক ৯ বছরে পৌঁছেছে। মার্কিন সরকারের পরিসংখ্যানে বুধবার একথা জানানো হয়েছে। ২০০৭ সালের এই পরিসংখ্যানে পুরুষ ও নারী উভয়েরই গড়আয়ু বেড়েছে। তবে মার্কিন নারীরা এখনো গড়ে পুরুষের চেয়ে পাঁচ বছর বেশি বাঁচে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি) আরও জানায়, দেশে মৃত্যু হারও কমেছে। ২০০৭ সালে প্রতি এক লাখে মারা গেছে ৭৬০ দশমিক ৩ জন। সিডিসি বলেছে, "২০০৬ সালে গড়আয়ু ছিল ৭৭ দশমিক ৭ বছর। ঊর্ধ্বপ্রবণতা বজায় রেখে ২০০৭ সালে দাঁড়িয়েছে ৭৭ দশমিক ৯ বছর।" "গত এক দশকে বেড়েছে ১ দশমিক ৪ বছর। ১৯৯৭ সালে গড় আয়ু ছিল ৭৬ দশমিক ৫ বছর।" সিডিসি'র হিসাব অনুযায়ী, যুক্তরাষ্টে ছেলে নবজাতকের এখন বাঁচার সম্ভাবনা ৭৫ বছর, মেয়ে নবজাতকের ৮০ বছর। আর প্রথমবারের মতো কৃষ্ণাঙ্গ পুরুষের গড়আয়ু ৭০ বছরে পৌঁছেছে। ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে মোট মারা গেছে ২৪ লাখ ২৩ হাজার ৯৯৫ জন। আগের বছরের চেয়ে এই সংখ্যা ২,২৬৯ কম। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগ ও ক্যান্সারে, যা ২০০৭ সালে মোট মৃত্যুর ৪৮ দশমিক ৫ শতাংশ। এ বছর ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়া এবং খুনাখুনি ও দুর্ঘটনায় মৃত্যুহার সামান্য কমেছে। ২০০৭ সালে এইডস-এ মারা যায় ১১ হাজার ৬১ জন। নবজাতকের মৃত্যুহার অপরিবর্তিত রয়েছে। প্রতি ১ হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর মধ্যে মারা যাচ্ছে ৬ দশমিক ৭৭টি। উন্নত দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে গড়আয়ু এখনো কম। জাপান ও সিঙ্গাপুরে গড়আয়ু বেড়ে ৮২ তে পৌঁছেছে। ফরাসি শিশুদের বাঁচার সম্ভাবনা ৮০ দশমিক ৯ বছর এবং অস্ট্রেলিয়া ও কানাডার শিশুরা আশা করতে পারে ৮০ বছর। এই তুলনায় এইডস-জর্জরিত জিম্বাবুয়েতে গড়আয়ু মাত্র ৩৯ দশমিক ৭ বছর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৩ ঘ.