ইয়াঙ্গুন, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- সেনাশাসিত মিয়ানমার সরকার বৃহস্পতিবার পশ্চিমা দেশগুলোকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। মিয়ানমারের আধুনিকায়ন এবং গণতান্ত্রিক লক্ষ্য অর্জনের পথ সুগম করার যুক্তিতে জান্তা সরকার এ আহ্বান জানায়।
জান্তা সরকারের তিনটি পত্রিকায় প্রকাশিত মন্তব্য প্রতিবেদনে নিষেধাজ্ঞার সমালোচক তিন মার্কিন কর্মকর্তার দূরদৃষ্টির প্রশংসা করে বলা হয়েছে, এ পদক্ষেপ সরকারের পতন বয়ে আনবে না।
পত্রিকাগুলোতে আরও বলা হয়, "সরকার বিরোধী গ্র"পগুলো সরকারের ওপর চাপ সৃষ্টিতে যতবেশী নিষেধাজ্ঞা চর্চা করবে জনগণের কাঙ্খিত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্য অর্জনের সম্ভাবনা ততোই তিরোহিত হবে।"
সব রাজনৈতিক শক্তিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কৌশল পরিহার করে একযোগে আধুনিক, উন্নত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক জাতি গড়ার সুবর্ণ পথ খোলা রাখার আহ্বান জানানো হয় পত্রিকায়।
মার্কিন সিনেটর জিম ওয়েব কয়েকদিন আগেই মিয়ানমার সফর করে জন ইয়েত্তাওকে মুক্ত করে নিয়ে দেশে ফেরার পর মিয়ানমার জান্তা এই মন্তব্য করল। সিনেটর জিম মিানমারের সঙ্গে সুসম্পর্কের নব সূচনার প্রস্তাব দিয়েছিলেন। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যম জিমের সফরকে সফল বলে প্রশংসা করেছে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৭ ঘ.
bdnews24