বাগদাদ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)--- বাগদাদের কেন্দ্রস্থলে বুধবার একের পর এক বিস্ফোরণে ৭৭ জন নিহত এবং ৪২০ জন আহত হয়েছে। এ বছরের মধ্যে এটি ছিল ইরাকের রক্তাক্ত দিনগুলোর অন্যতম এবং গত জুনে মার্কিন সেনারা ইরাকের শহরগুলোর নিরাপত্তার দায়িত্ব ইরাকি বাহিনীর কাছে হস্তন্তরের পর এত ভয়ঙ্কর হামলা আর হয়নি।
বাগদাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে কমপক্ষে ছয়টি বোমা ও মর্টার শেল পরপর নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়।
আগের খবরে হামলায় নিহতের সংখ্যা প্রথমে ১০ পরে ২৫, কিছু পরে ৫০ এবং তারও পরে ৭৫ জন বলা হয়েছিল।
একটি বিস্ফোরণ ঘটেছে কড়া নিরাপত্তাধীন গ্রিন জোনে ইরাকের পার্লামেন্ট এবং একটি কূটনৈতিক ভবনের কাছে।
বোমা বিস্ফোরণ ঘটেছে গ্রিন জোনের বাইরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছেও। অন্য বিস্ফোরণগুলো ঘটেছে বাগদাদের কেন্দ্রীয় সরকারি ভবন এবং অর্থমন্ত্রণালয়ের কাছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
"বিস্ফোরণের পররাষ্ট্র দপ্তরের জানালার কাচ চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ভেতরে লোকজন কাতরাতে থাকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী, সাংবাদিক ও নিরাপত্তা কর্মীদের আমি নিহতদের মধ্যে পড়ে থাকতে দেখেছি।" আশা নামে পররাষ্ট্র মন্ত্রণালয়ের হতবিহ্বল এক কর্মী এই বর্ণনা দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২০৪ ঘ.
bdnews24