কাবুল, ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রেসিডেন্ট নির্বাচনের দিন বৃহস্পতিবার পশ্চিমা এবং দেশীয় গণমাধ্যমগুলোতে সহিংসতার খবর প্রচার নিষিদ্ধ করেছে আফগানিস্তান। যাতে করে আফগানরা নির্ভয়ে ভোট দিতে পারে।
তালেবানরা নির্বাচন বানচালের অঙ্গীকার করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা, নির্বাচনের দিন গণমাধ্যমে সহিংসতার খবরে ভোটাররা আতঙ্কগ্রস্ত হয়ে ভোট দিতে নাও আসতে পারে। এতে ভোট সফল হওয়ার সম্ভাবনা নস্যাৎ হবে। একারণে সহিংসতার খবর নিষিদ্ধ করে দুটো ডিক্রি জারি করা হয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের জারি করা ডিক্রিতে নির্বাচন শুরুর সময় সহিংসতার কোনওরকম তথ্য প্রচার নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারি করা ডিক্রিতে প্রতিবেদকদেরকে কোনও হামলাস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।
কাবুলে মঙ্গলবারের আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৮ জন নিহত এবং ৫০ জন আহত হয়। বিস্ফোরণের কয়েকমিনিটের মধ্যেই হামলাস্থলে সাংবাদিকরা ভিড় করে।
আফগান নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত ইংরেজি সংস্করণের এক ডিক্রিতে বলা হয়েছে, "সব ধরনের দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে ২০ আগস্ট সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলাকালে সহিংসতার কোনওরকম খবর প্রচার থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হচ্ছে।"এ ডিক্রির আইনি ভিত্তি কি বা তা না মানলে কি শাস্তি হবে সে সম্পর্কে কিছু বলা হয়নি।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক মুখপাত্র সিয়ামাক হেরাবি রয়টার্সকে বলেছেন, "আমরা আফগানিস্তানের জাতীয় স্বার্থে ওই সিদ্ধান্ত নিয়েছি। যাতে লোকজন মনোবল নিয়ে ভোট দিতে আসতে পারে।"
তিনি বলেন, "এ সিদ্ধান্ত গণমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ন্ত্রণে রাখবে। কোনও কিছু ঘটলে তা অতিরঞ্জিত করার সুযোগ থাকবে না। এতে করে লোকজন ভয় কমবে এবং তারা ভোট দিতে আসতে পারবে।"
তবে আফগানিস্তানের ইন্ডিপেনডেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের (এআইজেএ) প্রধান রহিমুল্লাহ সমন্দর রয়টার্সকে বলেছেন, এই ডিক্রির কারণে আফগান এবং বিদেশি সাংবাদিকরা গুরুত্বপূর্ণ নির্বাচনের সময়টিতে জনগণকে তথ্য দিতে পারবে না।
এ পদক্ষেপকে সরকারের দুর্বলতা আখ্যা দিয়ে তিনি জনগণকে খবর থেকে বঞ্চিত করার এ ধরনের উদ্যোগের নিন্দা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২২৭ ঘ.
bdnews24