২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ. কোরিয়া মহাকাশে রকেট পাঠাচ্ছে

মহাকাশে প্রথম রকেট উৎক্ষেপণের ক্ষণ গুণছে দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির নিজের তৈরি একটি স্যাটেলাইট (উপগ্রহ) নিয়ে মহাকাশে যাত্রা করার কথা রয়েছে 'স্পেস লঞ্চ ভেহিকেল-১ বা নারো- ১' নামের রকেটটির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 09:54 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

সউল, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মহাকাশে প্রথম রকেট উৎক্ষেপণের ক্ষণ গুণছে দক্ষিণ কোরিয়া। বুধবার দেশটির নিজের তৈরি একটি স্যাটেলাইট (উপগ্রহ) নিয়ে মহাকাশে যাত্রা করার কথা রয়েছে 'স্পেস লঞ্চ ভেহিকেল-১ বা নারো- ১' নামের রকেটটির। দেশের দক্ষিণাঞ্চলের মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হবে। দুই স্তরের রকেটটি কক্ষপথে উপগ্রহটি স্থাপন করবে। দেশটির সংবাদ সংস্থা ইউনহাপ জানায়, রাশিয়ার সহায়তায় তৈরি রকেটটি লম্বায় ৩৩ মিটার। এটি তৈরিতে খরচ হয়েছে ৫০২ দশমিক ৫ বিলিয়ন ইউন বা ৪শ' মিলিয়ন ডলার। সংবাদ সংস্থাটি জানিয়েছে, বুধবার গ্রিনিচমান সময় ৭ টা ৪০ মিনিটে রাজধানী সউল থেকে ৩৫০ কিলোমিটার দক্ষিণের উৎক্ষেপণ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হবে। এতে করে একশ' কেজি ওজনের একটি উপগ্রহ কক্ষপথে স্থাপন করা হবে। এ উপগ্রহ পৃথিবীর বিকিরণ শক্তি পর্যবেক্ষণ করবে। সউল ন্যাশনাল ইউনিভার্সিটির মহাকাশ বিষয়ক বিশেষজ্ঞ ইউন ইয়ং-বিন বলেন, "আমরা যদি প্রথম স্তরের ইঞ্জিনের উন্নয়ন ঘটাতে পারি তবে নিজেরাই উৎক্ষেপণ করার সামর্থ্য অর্জন করব।" দক্ষিণ কোরিয়া ২০১৮ সালের মধ্যে নিজস্ব রকেট তৈরি এবং ২০২৫ সালের মধ্যে চাঁদ পর্যবেক্ষণের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৭০৬ ঘ.