২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্বশর্ত ছাড়াই পরমাণু আলোচনায় প্রস্তুত ইরান

পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কোনও পূর্বশর্ত ছাড়াই পশ্চিমাদের সঙ্গে বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 08:42 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

তেহরান, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)------ পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে কোনও পূর্বশর্ত ছাড়াই পশ্চিমাদের সঙ্গে বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসতে তেহরান প্রস্তুত। ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মঙ্গলবার একথা জানিয়েছে। ইরানকে পরমাণু কর্মসূচি পরিহারের বিনিময়ে বাণিজ্য সুবিধা নিয়ে আলোচনায় বসা, নয়ত কঠোর নিষেধাজ্ঞা ভোগ করা-- দুয়ের মধ্যে একটি বেছে নেওয়ার জন্য সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। টেলিভিশনে জাতিসংঘ পারমাণবিক সংস্থার ইরানি দূত আলী আসগর সোলতানিয়ের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, "পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনার ক্ষেত্রে পূর্বশর্তহীন আলাপআলোচনাই ইরানের মূল দৃষ্টিভঙ্গি।" টেলিভিশনে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে পশ্চিমাদের সঙ্গে যে কোনও আলোচনায় অংশ নিতে ইরানের প্রস্তুত থাকার ঘোষণা দিয়েছেন সোলতানিয়ে। ইরানের কর্মকর্তারা আগেও এ ধরনের বিবৃতি দিয়েছেন। কিন্তু ইরানে ১২ জুনের বিতর্কিত নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলার কারণে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার সম্ভাবনা ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। পশ্চিমাদের ধারণা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। কিন্তু ইরান তাদের পরমাু কর্মসূচি বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজেই ব্যবহৃত হচ্ছে বলে দাবি করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৭ ঘ.