২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের যেকোনও সন্ত্রাসী পরিকল্পনার তথ্য দেওয়া উচিত: পাকিস্তান

ভারতের এক ঊর্ধ্বতন কূটনীতিককে ডেকে পাঠিয়ে যে কোনও সন্ত্রাসী পরিকল্পনা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো ভারতে নতুন করে হামলার পরিকল্পনা করছে-- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার এই সতর্কবার্তা দেওয়ার পর পাকিস্তান এ প্রতিক্রিয়া জানাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 07:35 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ইসলামাবাদ, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের এক ঊর্ধ্বতন কূটনীতিককে ডেকে পাঠিয়ে যে কোনও সন্ত্রাসী পরিকল্পনা সম্পর্কে তথ্য দেওয়ার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো ভারতে নতুন করে হামলার পরিকল্পনা করছে-- ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সোমবার এই সতর্কবার্তা দেওয়ার পর পাকিস্তান এ প্রতিক্রিয়া জানাল। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের অংশগ্রহণে জাতীয় নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে মনমোহন সোমবার বলেন, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো ভারতে নতুন করে হামলার পরিকল্পনা করার 'বিশ্বাসযোগ্য তথ্য' ভারতের কাছে আছে। মনমোহনের ওই মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের ডেপুটি হাই কমিশনারকে ইসলামাবাদে ডেকে পাঠায়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয় সোমবার ইস্যুকৃত এক বিবৃতিতে একথা বলেছে। বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, "ভারতের প্রধানমন্ত্রীর মন্তব্যে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা এবং চটজলদি মনোনিবেশের পট প্রস্তুত হয়েছে। আমরা ভারতকে অনুরোধ জানাব যে তথ্য তাদের আছে তা আমাদেরকে দেওয়ার। আর আমাদের দিক থেকে আমরা যে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড আগাম মোকাবেলায় পুরোপুরি সহযোগিতা করতে প্রস্তুত।" গত নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়্যবাকে দায়ী করে আসছে ভারত। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। হামলার পরপরই পাকিস্তানের সঙ্গে ২০০৪ সালে সূচিত শান্তি আলোচনা বন্ধ করে দেয় নয়াদিল্লি। মনমোহন সিং নতুন সন্ত্রাসী হামলার হুমকির কথা বলে পাকিস্তানের প্রতি ভারতবিরোধী জঙ্গিগোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন করে চাপ সৃষ্টি করলেন। মুম্বাই হামলায় পাকিস্তানি কর্মকর্তারা মদদ দিয়েছে বলেও অভিযোগ রয়েছে ভারতের। তবে ইসলামাবাদ পাকিস্তানের মাটি থেকে হামলার আংশিক পরিকল্পনার কথা স্বীকার করলেও সরকারি মদদের অভিযোগ অস্বীকার করেছে। মনমোহন সিং বলেছেন, পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠীগুলো কাশ্মীর অঞ্চলের বাইরেও সন্ত্রাস বিস্তার করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, "এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তৎপরতা এখন আর জম্মু ও কাশ্মীর অঞ্চলে সীমাবদ্ধ নেই। তারা ভারতের সব অঞ্চলেই থাবা বিস্তার করার চেষ্টা চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৪৯ ঘ.