কাবুল, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- নির্বাসিত উজবেক নেতা জেনারেল আবদুর রশীদ
দোস্তাম রোববার আফগানিস্তানে ফিরে এসেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে তার সমর্থন প্রার্থীদের জয়পরাজয়ে প্রভাব ফেলতে পারে। সরকার সব বাধা উঠিয়ে নেওয়ার পর তার ফেরা সম্ভব হল।
সাবেক কমিউনিস্ট জেনারেল দোস্তামকে ফিরতে দেওয়া না হলে তার সমর্থকরা ২০ আগস্টের নির্বাচনে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের পক্ষ ত্যাগ করার হুমকি দিয়েছিল। ২০০৪ সালের নির্বাচনে দোস্তাম ১০ শতাংশ ভোট পেয়েছিলেন।
যুক্তরাষ্ট্র দোস্তামের কোনোধরনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ব্যাপারে ইতিমধ্যেই উদ্বেগ জানিয়েছে। অতীতে আফগানিস্তানে বিভিন্ন গোষ্ঠীগত লড়াইয়ে তার ছিল বিতর্কিত ভূমিকা এবং মানবাধিকার গোষ্ঠীগুলো তাকে মানবাধিকার লঙ্ঘনের দায়েও অভিযুক্ত করেছে।
জরিপে দেখা গেছে, নির্বাচনে জয়ের ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাই এগিয়ে আছেন তবে প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহর সঙ্গে দ্বিতীয় দফা নির্বাচন এড়ানোর মতো শক্ত অবস্থানে নেই।
বৃহস্পতিবার ভোট অনুষ্ঠিত হওয়ার তিন দিন আগেই সোমবার প্রচারণা শেষ হচ্ছে। তাই প্রধান প্রতিদ্বন্দ্বীদের সমর্থকরা শেষবারের মতো জোরালোভাবে তাদের প্রার্থীদের পক্ষে ভোট প্রার্থনা করছে।
আফগানিস্তানে অবস্থানরত প্রায় এক লাখ বিদেশি সেনার কাছে নির্বাচন অনুষ্ঠিত করতে পারাটাই নির্বাচনে কে জিতল তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আট বছর আগে ক্ষমতা থেকে বিতাড়িত তালেবানরা এখন আবার শক্তিশালী হয়ে উঠেছে এবং নির্বাচন নস্যাত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৩৪৩ ঘ.
bdnews24