২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নাগরিক ইয়েত্তাওকে মুক্তি দিল মিয়ানমার

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বাড়িতে অনুপ্রবেশকারী মার্কিন নাগরিক জন ইয়েত্তাওকে রোববার মুক্তি দিয়েছে মিয়ানমার। মার্কিন সিনেটর জিম ওয়েবের সঙ্গে তিনি এখন বাড়ির পথে। ইয়েত্তাওকে নিয়ে মিয়ানমার ত্যাগ করার কথা ইয়াঙ্গুন বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন জিম। কিন্তু সু চি এখনও আটক। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ওয়াশিংটন, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বাড়িতে অনুপ্রবেশকারী মার্কিন নাগরিক জন ইয়েত্তাওকে রোববার মুক্তি দিয়েছে মিয়ানমার। মার্কিন সিনেটর জিম ওয়েবের সঙ্গে তিনি এখন বাড়ির পথে। ইয়েত্তাওকে নিয়ে মিয়ানমার ত্যাগ করার কথা ইয়াঙ্গুন বিমানবন্দরে সাংবাদিকদের জানিয়েছেন জিম। কিন্তু সু চি এখনও আটক। জিম বলেন, তিনি সু চির মুক্তির জন্যও মিয়ানমার জান্তাকে অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে জান্তার প্রতিক্রিয়া কি জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমি এ ব্যাপারে আশাবাদী।" ইয়েত্তাওকে মুক্ত করে নিয়ে যাওয়ার সময় মিয়ানমারের সঙ্গে সুসম্পর্কের বিরল সূচনার প্রস্তাব দিয়েছেন জিম। ইয়েত্তাও সাংবাদিক সম্মেলনে অংশ নেননি। এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তাকে কারাগার থেকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তিনি সিনেটর জিম ওয়েবের দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাদের বিমান দুপুর দেড়টার দিকে ব্যাংককের উদ্দেশ্যে মিয়ানমার ত্যাগ করেছে। জন ইয়েত্তাও গত মে মাসে সাঁতরে লেক পার হয়ে সু চির বাড়িতে অনুপ্রবেশ করেন। এ ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমার জান্তা ইয়েত্তাওয়ের বিচার করে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। একইসঙ্গে সু চিকেও বিচার করে ১৮ মাসের গৃহবন্দিত্ব দেয় আদালত। ইয়েত্তাওয়ের মুক্তির চেষ্টায় গত শুক্রবার মিয়ানমার সফরে যান মার্কিন সিনেটের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান সিনেটর জিম ওয়েব। সফরকালে মিয়ানমারের শীর্ষ সামরিক নেতা থান শয়ের সঙ্গে দেখা করার পর শনিবার জিম জানান, ইয়েত্তাওকে মুক্তি দেওয়া হবে। জিম বলেন, "অনুরোধ রক্ষার জন্য আমি মিয়ানমার সরকারের কাছে কৃতজ্ঞ। তাদের এই পদক্ষেপের সুবাদে আমরা ভবিষ্যতে শুভভাবমূর্তি এবং আস্থার সম্পর্কের ভিত গড়ার পথে এগুতে পারব বলেই আশা করি।" জিমের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমার ইয়েত্তাওকে আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়ার পর জিম একটি সামরিক বিমানে করে তাকে সঙ্গে নিয়ে রোববার বিকালে ব্যাংককে যাবেন। শনিবার থান শয়ের সঙ্গে সাক্ষতের পর সু চির সঙ্গেও ৪৫ মিনিট বৈঠক করেন জিম। তিনি বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলোর অভিমত জানতে চান। বৈঠকে অংশ নেওয়া সু চির দল এন এলডি'র ঊর্ধ্বতন নেতা থান টুন রয়টার্সকে রোববার একথা জানিয়েছেন। জিমের সফরকে মিয়ানমারে জাতীয় সংহতির জন্য উপযোগী বলে মন্তব্য করেছেন তিনি। অন্যান্যরা সু চির প্রতি জান্তার আচরণে তিক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার সাবেক রাষ্ট্রদূত থানকিন চ্যান তুন বলেছেন, জিমের সফরের ফলে জন ইয়েত্তাও মুক্তি পেলেন। কিন্তু তার কারণে ঘটে যাওয়া ঘটনায় সম্পূর্ণ নির্দোষ সু চি এখনও গৃহবন্দি রয়ে গেলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১২ ঘ.