ওয়াশিংটন, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির বাড়িতে অনুপ্রবেশকারী মার্কিন নাগরিক জন ইয়েত্তাওকে রোববার মুক্তি দেওয়া হবে। শনিবার মার্কিন সিনেটর জিম ওয়েবের ইস্যুকৃত এক বিবৃতিতে একথা বলা হয়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমার জান্তা সরকার ইয়েত্তাওয়ের বিচার করে তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে। একইসঙ্গে সু চিকেও বিচার করে ১৮ মাসের গৃহবন্দিত্ব দিয়েছে আদালত।
ইয়েত্তাওয়ের মুক্তির চেষ্টায় শুক্রবার মিয়ানমার সফরে যান মার্কিন সিনেটের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সাবকমিটির চেয়ারম্যান জিম ওয়েব।
শনিবার তিনি বলেন, "অনুরোধ রক্ষার জন্য আমি মিয়ানমার সরকারের কাছে কৃতজ্ঞ। তাদের এই পদক্ষেপের সুবাদে আমরা ভবিষ্যতে শুভভাবমূর্তি এবং আস্থার সম্পর্কের ভিত গড়ার পথে এগুতে পারব বলেই আশা করি।"
শনিবার উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা হিসাবে জিমই প্রথম মিয়ানমারের শীর্ষ সামরিক নেতা থান শয়ে এবং বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করেন।
জিমের কার্যালয় জানিয়েছে, ইয়েত্তাওকে রোববার আনুষ্ঠানিকভাবেই মিয়ানমার থেকে ফেরত পাঠানো হবে। সিনেটর জিম একটি সামরিক বিমানে করে তাকে সঙ্গে নিয়ে রোববার বিকালে ব্যাংককে যাবেন। বিবৃতিতে একথা বলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৬ ঘ.
bdnews24