হাভানা, আগস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বৃহস্পতিবার ৮৩ তম জন্মদিন পালন করেছেন। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সম্পর্কে এদিন প্রচ্ছন্ন সতর্কবার্তা দিয়েছেন তিনি। মন্দা জাঁকিয়ে বসেছে কিউবায়। তারপরও আশা জিইয়ে রেখে এগিয়ে চলার অঙ্গীকার করেছেন কাস্ত্রো।
ফিদেল ১৯৫৯ সালে এক বিপ্লবের মধ্য দিয়ে কিউবায় কমিউনিজম প্রতিষ্ঠা করেন। গত তিন বছর অসুস্থতার কারণে তিনি জনসম্মুখে আসেননি এবং ২০০৮ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন।
রাউল ক্ষমতায় থাকলেও পর্দার অন্তরাল থেকে সরকারে যথেষ্টই প্রভাব রাখছেন ফিদেল। মাঝে মাঝেই রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে নানা মন্তব্য করে যাচ্ছেন তিনি।
বৃহস্পতিবার কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্র্যানমাতে ফিদেল একটি লেখা লিখেছেন। এতে তিনি বিশ্ব মন্দা থেকে রেহাই পাওয়ার যে দাবি যুক্তরাষ্ট্র এবং ইউরোপ করছে, তাতে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, "আমেরিকান রাজনীতিবিদদের প্রবণতাটাই এমন যে, তাদের বিশ্বাস, উৎপাদনশীল কাজে ব্যবহারের জন্য ব্যাংকগুলো তহবিলে ভরে যাওয়ার সঙ্গে সঙ্গেই সবকিছুই আবার আগের মতো হয়ে যাবে এবং আমরা স্বপ্নে যে আদর্শ পৃথিবী দেখি, তা হবে।"
কলামের শেষে কাস্ত্রো লেখেন,"আমার বিচারে, আশা জিইয়ে রেখে আত্মরক্ষার সঠিক পথে থাকাটাই সবসময়ের জন্য প্রকৃষ্ট।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/২০৫৪ ঘ.
bdnews24