২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা কঠোর করেছে ইইউ

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চিকে নতুন করে দণ্ড দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটির ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা কঠোর করেছে। সু চির মামলার রায়ের জন্য দায়ী বিচারবিভাগীয় সদস্যদেরকে এবার নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছে ইইউ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2009, 08:19 AM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ব্রাসেলস, ১৪ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সু চিকে নতুন করে দণ্ড দেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশটির ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা কঠোর করেছে। সু চির মামলার রায়ের জন্য দায়ী বিচারবিভাগীয় সদস্যদেরকে এবার নিষেধাজ্ঞার আওতায় আনার ঘোষণা দিয়েছে ইইউ। ২৭ জাতি ইইউ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, বিচারবিভাগের সদস্যদেরকে মিয়ানমারের সামরিক সরকারের অন্যান্য কর্মকর্তাদের মতো নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করা হয়েছে। এর আওতায় তাদের সম্পদ জব্দ করা হবে এবং ইউরোপীয় ইউনিয়নে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। সেনাশাসিত মিয়ানমারের একটি আদালত মঙ্গলবার রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সু চিকে ১৮ মাসের গৃহবন্দিত্বের দণ্ড দিয়েছে। ইইউ সু চির এই বিচার এবং রায়ের নিন্দা জানিয়ে একে অন্যায় আখ্যা দিয়েছে এবং অবিলম্বে সু চির নিঃশর্ত মুক্তি দাবি করেছে। ২০০৭ সালের সেপ্টেম্বরে মিয়ানমার জান্তা বৌদ্ধ ভিক্ষুদের শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থী বিক্ষোভ কঠোরভাবে দমনের পরও ইইউ নিষেধাজ্ঞা কঠোর করেছিল। সেবার সামরিক জান্তা সরকারের কর্মকর্তা, তাদের পরিবার ও সহযোগীদের সম্পদ জব্দ করাসহ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ইইউ। সেইসঙ্গে ওইসব কর্মকর্তা কিংবা তাদের সঙ্গে সংশ্লিষ্ট্রদের মালিকানাধীন ১,২০৭ টি এন্টারপ্রাইজকেও নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করাসহ মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ সীমিত করা এবং মানবিক সাহায্য কিংবা উন্নয়ন কর্মসূচি বন্ধেরও পরিকল্পনা করে ইইউ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৫ ঘ.