ওয়াশিংটন, ১৩ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিদ্রোহিদেরকে ইরান অস্ত্র সাহায্য দিয়েছে বলেই যুক্তরাষ্ট্রের বিশ্বাস। তবে এ সংক্রান্ত তথ্যগুলো পরষ্পরবিরোধী এবং বাস্তবিক কোনও হুমকি নেই। আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক বিশেষ মার্কিন দূত রিচার্ড হলব্র"কসহ প্রেসিডেন্ট বারাক ওবামার শীর্ষ উপদেষ্টারা বুধবার এ মন্তব্য করেছেন।
শিয়া ইরান কট্টরপন্থী সুন্নি তালেবানদের মিত্র না হলেও বিশ্লেষকরা বলছেন, আফগানিস্তানের মার্কিন বাহিনীকে কোনঠাসা এবং উত্যক্ত করতে ইরান তালেবানদেরকে কিছুটা মদদ দিতে পারে।
এ বছরের শুরুর দিকে আফগানিস্তানের আন্তর্জাতিক বাহিনীর মার্কিন কমান্ডার তালেবানদের প্রতি ইরানি সাহায্যের অভিযোগ তুলেছিলেন। তবে ইরান ইরাকে যে ধরনের অস্ত্র সাহায্য দিয়েছে সেরকম অত্যাধুনিক ইরানি সামরিক অস্ত্র তালেবানদের হাতে দেওয়ার আলামত দেখা যায়নি বলে জানান তিনি।
ইরান আফগান বিদ্রোহে মদদ দিচ্ছে কিনা-- এ প্রশ্নের জবাবে 'সেন্টার ফর আমেরিকান প্রগেস' আয়োজিত প্যানেলে রিচার্ড হলব্র"ক বলেন, "এ সম্পর্কে আমরা পরস্পরবিরোধী খবর পেয়েছি।"
ওদিকে, রিচার্ড হলব্র"কের ঊর্ধ্বতন প্রতিরক্ষা উপদেষ্টা বিক্রম সিং বলেন, "ইরান অবশ্যই অতীতে আফগানিস্তানের দলগুলোকে অস্ত্র সহায়তা দিয়েছে। প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে একে বাস্তবিক কোনও হুমকি বা প্রচেষ্টা হিসাবে দেখা হয়েছে বলে আমি মনে করি না।"
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নামপ্রকাশে অনিচ্ছুক সন্ত্রাসবিরোধী এক কর্মকর্তা বলেন, ইরান সরাসরি জঙ্গিদেরকে প্রশিক্ষণ না দিয়ে বরং মূলত অস্ত্র সহায়তা করে থাকে।
তিনি বলেন, আফগানিস্তানের জঙ্গিদেরকে ইরান অস্ত্র ও অন্যান্য সাজ সরঞ্জাম দিয়ে সহায়তা করছে এমন মনে করার কারণ আছে। তবে ইরান কি ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৮ ঘ.
bdnews24