জাকার্তা, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, গত শনিবার সেন্ট্রাল জাভায় একটি খামারবাড়িতে তাদের অভিযানে নিহত ব্যক্তি শীর্ষ জঙ্গি নেতা নূরদিন মোহাম্মদ টপ নয়। ফরেনসিক পরীক্ষায় এটা নিশ্চিত হয়েছে। বুধবার এই তথ্য জানানো হয়েছে।
মালয়শিয়ায় জন্মগ্রহণকারী টপ গত মাসে জাকার্তার দুটি বিলাসবহুল হোটেল জে ডব্লিউ ম্যারিয়ট এবং রিজ-কার্লটনে বোমা হামলায় সন্দেহভাজনের তালিকায় শীর্ষে রয়েছে। ওই হামলায় কমপক্ষে নয় জন নিহত ও ৫৩ জন আহত হয়।
পুলিশ শনিবারের অভিযানের পর বিশ্বাস করছিল, টপকেই হত্যা করা সম্ভব হয়েছে। পরে তার মৃত্যুর ব্যাপারে সন্দেহ দানা বাঁধতে থাকে।
ইন্দোনেশিয়ার গণমাধ্যম পুলিশ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, টপ সম্ভবত অভিযান শুরুর দুই ঘণ্টা আগে বাড়িটি থেকে সরে পড়ে।
অভিযানে নিহত হওয়া লোকটির অবশ্য পরিচয় মিলেছে। তার নাম ইব্রোহীম। সেও রিজ-কার্লটন হোটেলে হামলাকারী সন্দেহভাজন হিসেবে পুলিশের তালিকায় রয়েছে।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোইয়োনো যেকোনো মূল্যে জাকার্তার হোটেল দুটিতে হামলাকারীদের ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেছিলেন, যদি টপকে হত্যা বা আটক করা সম্ভব তাহলে সে ঘটনাকে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীর জন্য একটি অভ্যুত্থান হিসেবে দেখা হবে এবং ভবিষ্যতে দেশে এ ধরনের হামলা কমাতেও তা সহায়ক হবে।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, নূরদিন জঙ্গি সংগঠন জামাহ ইসলামিয়াহ'র নেতা। এ সংগঠনটি ২০০২ সাল থেকে ইন্দোনেশিয়ায় সিরিজ বোমা হামলা চালিয়ে আসছে।
২০০৩ সালে জাকার্তার জে ডব্লিউ ম্যারিয়ট হোটেলে, ২০০৪ সালে জাকার্তার অস্ট্রেলীয় দূতাবাসে এবং ২০০৫ সালে বালিতে হামলার পরিকল্পনাকারী হিসেবেও টপকে সন্দেহ করা হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৩২ ঘ.
bdnews24