২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ও মেহসুদ দুজনেই বেঁচে আছি: হাকিমুল্লাহ

পাকিস্তানের তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদের ঘনিষ্ট সহযোগী হাকিমুল্লাহ মেহসুদ সোমবার বলেছেন, তিনি এবং তাদের নেতা বায়তুল্লাহ মেহসুদ দুজনেই বেঁচে আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

পেশাওয়ার, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের তালেবান প্রধান বায়তুল্লাহ মেহসুদের ঘনিষ্ট সহযোগী হাকিমুল্লাহ মেহসুদ সোমবার বলেছেন, তিনি এবং তাদের নেতা বায়তুল্লাহ মেহসুদ দুজনেই বেঁচে আছেন। তবে হাকিমুল্লাহ বলেন, বায়তুল্লাহ মেহসুদ অসুস্থ। তিনি এখন আর কোনো তৎপরতায় অংশ নেবেন না যাতে তাকে সহজে খুঁজে পাওয়া সম্ভব না হয়। ঘনিষ্ট সহযোগীর এই দাবির ফলে পাকিস্তানের তালেবান প্রধানের নিহত হওয়ার খবরের সত্যতা নিয়ে ফের জটিলতা সৃষ্টি হল। গত বুধবার মার্কিন চালকহীন ড্রোন বিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে বায়তুল্লাহ নিহত হয়েছেন বলে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করছেন। হাকিমুল্লাহ মেহসুদ অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমি এবং আমাদের আমির বায়তুল্লাহ মেহসুদ দুজনেই জীবিত আছি।" পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, দক্ষিণ ওয়াজিরিস্তানে মেহসুদের শ্বশুর বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলায় তিনি যে নিহত হয়েছে সে ব্যাপারে তারা প্রায় পুরোপুরি নিশ্চিত। গত বছর বিয়ে করা মেহসুদের দ্বিতীয় স্ত্রীও ওই হামলায় নিহত হয়। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক গত শনিবার জানান, হাকিমুল্লাহ ও তার প্রতিদ্বন্দ্বী ওয়ালি-উর-রহমানের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এদের একজন নিহত হয়েছে। হাকিমুল্লাহ বলেন, "আমি আমার মৃত্যুর ব্যাপারে সরকারে দাবি ভুল প্রমাণ করলাম এবং আমি সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছি আমাদের নেতার মৃত্যুর বিষয়টি প্রমাণ করুক। বায়তুল্লাহ মেহসুদ মারা যাননি। তিনি ভাল আছেন, নিরাপদে আছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৪০ ঘ.