আসানসিওন, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চিকিৎসকরা মৃত ঘোষণা করার পর বেঁচে উঠেছে এক শিশু। এমন অবিশ্বাস্য ঘটনা ঘটেছে প্যারাগুয়াতে।
প্যারাগুয়ার একটি হাসপাতালে জন্মের নির্ধারিত সময়ের ১৬ সপ্তাহ আগে জন্ম নেয় শিশুটি। জন্মের পর শিশুটির কোনও নড়াচড়া না দেখে এবং হৃদস্পন্দন না পেয়ে চিকিৎকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার শিশুটিকে সমাহিত করতেও নিয়ে যায়। কিন্তু এর ঠিক আগ মুহূর্তে কেঁদে উঠে হাত পা নাড়াচাড়া করতে শুরু করে শিশুটি।
প্যারাগুয়ার রাজধানী আসানসিওন এর একটি সরকারি হাসপতালের শিশু বিভাগের প্রধান ডা. আর্নেস্টো ওয়েবার জানান, জন্মের সময় শিশুটির ওজন ছিল মাত্র ৫০০ গ্রাম (১৭ দশমিক ৬ আউন্স)।
ওয়েবার রয়টার্স টেলিভিশনকে বলেন, "প্রাথমিকভাবে শিশুটির কোনো নড়াচড়া দেখতে পাইনি, শ্বাসপ্রশ্বাস ছিল না, এমনকি আমরা তার হৃদস্পন্দন না পেয়ে তাকে মৃত ঘোষণা করি।"
মৃত্যু সনদসহ শিশুটি সমাহিত করার জন্য একটি কাঠের বাক্সে করে তাকে তার পরিবারের কাছে দেওয়া হয়। শিশুটির পরিবার তাকে সমাহিত করার প্রস্তুতির সময়ই ঘটে ওই অবিশ্বাস্য ঘটনা।
শিশুটির পরিবারের সদস্য লিলিয়ানা আলভেরেঞ্জা বলেন, "আমি বাক্স খুলে বাচ্চাটিকে বের করামাত্র সে কেঁদে ওঠে। আমি ভয় পেয়ে বলে উঠি, "বাচ্চা কাঁদছে"..... এবং এরপর সে হাত পা নাড়াচাড়া শুরু করে। এতে আমরা সবাই খুব ভয় পেয়ে যাই।"
এ ঘটনায় মৃত্যু ঘোষণার কয়েক ঘন্টা পর শিশুটিকে আবার জীবীত ফিরে পাওয়া গেছে বলে জানানো হয়। হাসপাতাল ঘটনাটি খতিয়ে দেখছে এবং শিশুটি এখন ভাল আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৩৭ ঘ.
bdnews24