তাইপে, আগস্ট ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের পূর্ব-উপকূলে রোববার আঘাত হেনেছে টাইফুন মোরাকোট। এতে এক শিশু নিহত হয়েছে। ভেঙে পড়েছে ঘরবাড়ি। প্রচণ্ড বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের কারণে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
চীনের জনবহুল মূল ভূখন্ডে বিকালে আঘাত হেনেছে মোরাকোট। এতে ঝেজিয়াং প্রদেশের ওয়েনঝুতে ৫ টি বাড়ি ভেঙে পড়ে। সরকারি সিনহুয়া বার্তা সংস্থা একথা জানিয়েছে।
নগরীর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া আরও জানায়, "ঝড়ে ৪ প্রপ্তাবয়স্কসহ ৪ বছরের এক শিশু ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে। পরে বিকালে জরুরি চিকিৎসা ব্যর্থ হওয়ার পর ৪ বছরের শিশুটি মারা যায়।"
এর আগে তাইওয়ানের উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল টইফুন মোরাকোট। তাইওয়ান সরকার শনিবার একথা জানায়।
ভয়াবহ এই ঝড়ের কবল থেকে বাঁচাতে চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের প্রায় ১০ লাখ লোককে আগেই সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানায় বিবিসি।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া অফিস এর আগে জানায়, শুক্রবার টাইফুন মোরাকোটের ভয়বহতা কমে এলেও ঘন্টায় ১১৯ কিলোমিটার (৭৪ মাইল) বেগে ঝড়ো হাওয়া চীনের মূল ভূখন্ডের দিকে অগ্রসর হয়।
আবহাওয়া অফিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানান, ১-৫ মাত্রার স্কেলে ক্যাটাগরি ১ মাত্রার এই টাইফুনে তাইওয়ানে ১ জন নিহত, ২৭ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছে। বিবিসি নিখোঁজের সংখ্যা ২৯ উল্লেখ করেছে।
তাইওয়ানে এ বছর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ঝড়। এতে বন্ধ হয়ে যায় তাইওয়ানের বিমান এবং নৌ চলাচল।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২০ ঘ.
bdnews24