সউল, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দীর্ঘ ছয়ঘণ্টা তাড়া করার পর আটক করা উত্তর কোরিয়ার সন্দেহজনক জাহাজটির ক্রু তদন্তে সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন ভারতের তদন্তকারীরা। এক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
জাহাজটি চিনি নিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যাওয়ার সময় ভারতীয় উপকূল রক্ষীদের হাতে আটক হয়। শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।
পত্রিকাটি জানায়, দ্য এমভি মুসেন নামের জাহাজটি কোনো অনুমতি ছাড়াই বুধবার হাট বে দ্বীপে নোঙর করে। ভারতীয় উপকূল রক্ষীদের আসতে দেখে জাহাজটি পালাতে শুরু করলে বাধ্য হয়ে রক্ষীরা ফাঁকা গুলি ছোড়ে।
পত্রিকাটি আরও জানায়, জাহাজটি শেষ পর্যন্ত থামাতে বাধ্য হয়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জাহাজটি চিনিভর্তি।
যৌথ তদন্ত দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, "আমরা তাদের পক্ষ থেকে কোনও সহযোগিতা পাচ্ছি না।"
উত্তর কোরিয়া বিশ্বের বিভিন্ন অস্থিতিশীল এলাকায় ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্র বিক্রি করছে বলে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা সন্দেহ করে থাকে। এ জন্য বিশ্বের বিভিন্নস্থানে প্রায়ই উত্তর কোরিয়ার জাহাজ থামিয়ে তল্লাশি চালানো হয়।
জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোকেও উত্তর কোরিয়ার সমুদ্র, আকাশ ও সড়কপথে মালপরিবাহী যানে তল্লাশি চালানো এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবনা লঙ্ঘনকারী যে কোনও মাল জব্দ করা ও ধ্বংস করার ক্ষমতা দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ভারতীয় কর্মকর্তা বলেন, ভারতের তদন্তকারীরা জাহাজটিকে বন্দরে নোঙর করানোর জন্য পররাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আছে। যাতে করে ৩৯ জন ক্রুকে জিজ্ঞাসাবাদের জন্য তীরে নিয়ে আসা যায় এবং জাহাজে পুরোপুরি তল্লাশি চালানো যায়।
পুলিশ সুপারিটেনডেন্ট অশোক চান্দ বলেছেন, "তদন্তকারীরা কোরীয় দোভাষীর জন্যও অপেক্ষায় আছে।"
তিনি জানান, "এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।"
ভারতের সেনাবাহিনী নৌবাহিনী এবং গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা একযোগে ঘটনাটি খতিয়ে দেখছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪০ ঘ.
bdnews24