লন্ডন, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ন্যাটোর নতুন মহাসচিব আফগানিস্তানে আরও সেনা পাঠানোর জন্য শুক্রবার সরসরি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আফগান সেনাদেরও আরও জোরেশোরে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন।
অ্যান্ডার্স ফা রাসমুসেন কাবুল থেকে বিবিসি রেডিওকে বলেছেন, "সত্যি কথা বলছি, আমি মনে করি আমাদের আরও সৈন্য প্রয়োজন।"
ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী রাসমুসেন এই মাসেই ন্যাটো প্রধানের দায়িত্ব নিয়েছেন।
তিনি বলেন, "আমি দক্ষিণে (আফগানিস্তানের) অগ্রগতি দেখেছি। এর জন্য সেনাসংখ্যা বাড়ানোকে সাধুবাদ দিতে হবে। তাই অবশ্যই সেনাসংখ্যা বাড়ানোটা গুরুত্বপূর্ণ।"
আফগানিস্তানে ন্যাটের প্রায় ৬৫ হাজার সেনা মোতায়েন রয়েছে। ৪০টির বেশি দেশ এতে অবদান রেখেছে। তবে এরমধ্যে যুক্তরাষ্ট্রেরই অর্ধেক। যুক্তরাষ্ট্র এ ছাড়া আরও প্রায় ৩৬ হাজার সেনা ন্যাটোর বাইরে সেখানে মোতায়েন রেখেছে।
যুক্তরাষ্ট্র চায় ন্যাটোর প্রধান শরিক দেশগুলো আফগানিস্তানে আরও সেনা পাঠাক। তবে জার্মানি, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো এ ব্যাপারে আগ্রহী নয়।
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার রাস্তার পাশে পেতে রাখা বোমায় চার মার্কিন সেনা নিহত হয়েছে। ওই প্রদেশটিতে মার্কিন মেরিন সেনারা তালেবানদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে যাচ্ছে।
আফগান যুদ্ধে পশ্চিমাবাহিনীর জন্য গত মাসটি সবচেয়ে রক্তাক্ত মাস হিসেবে চিহ্নিত হয়েছে। এ মাসে ৭৬ জন বিদেশি সেনা নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১১৮ ঘ.
bdnews24