লস এঞ্জেলেস, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন উত্তর কোরিয়া থেকে দুই মার্কিন সাংবাদিককে মুক্ত করে বুধবার দেশে ফিরেছেন। লস এঞ্জেলেসের কাছে একটি বিমানবন্দরে দুই সাংবাদিককে অশ্র"সজল চোখে বুকে টেনে নিয়েছে তাদের স্বজনেরা।
লস এঞ্জেলেসের বারবাক বিমানবন্দরে আমেরিকার ক্যাবল টেলিভিশন 'ভেঞ্চার' এর সাংবাদিক লরা লিং (৩২) ও ইউনা লি (৩৬) বিমান থেকে নেমে এলে টারমাকে অপেক্ষমাণ পরিবারের সদস্যরা তাদের জড়িয়ে ধরেন। পাশাপাশি নেমে আসা ক্লিনটনের প্রতি তারা গভীর কৃতজ্ঞতা জানান।
লিং বলেন, সে ও লি তাদের যে কোনো সময়ে কঠোর শ্রমশিবিরে পাঠানো হবে আতঙ্কে ছিলেন। এর পরিবর্তে মঙ্গলবার তাদের এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে অপেক্ষায় ছিলেন ক্লিনটন।
সাংবাদিকদের তিনি বলেন, "তখনই আমরা বুঝতে পারি আমাদের জীবনের দুঃস্বপ্নের অবসান হতে চলেছে।"
কারেন্ট টেলিভিশনের প্রতিষ্ঠাতাদের একজন হচ্ছেন ক্লিনটনের ভাইস প্রেসিডেন্ট আল গোর। তিনি বিমান বন্দরে উপস্থিত থেকে বার বার করতালি দিয়ে ক্লিনটনকে স্বাগত জানান এবং আলিঙ্গন করেন।
হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, "দুই সাংবাদিকের নিরাপদে দেশে ফেরায় ওবামা প্রশাসন "খুবই উচ্ছ্বসিত।"
মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের মুক্তির বিনিময়ে উত্তর কোরিয়াকে পুরস্কৃত করার কোনো অঙ্গীকার করা হয়নি, পরমাণু বিস্তার রোধ আলোচনার সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।
ক্লিনটন মঙ্গলবার আকস্মিকভাবে উত্তর কোরিয়ায় গিয়ে দেশটির নেতা কম জং ইলের সঙ্গে বৈঠক করে দুই সাংবাদিকের মুক্তি আদায় করেন।
উত্তর কোরিয়ার আদালত গত মাসে 'গুরুতর অপরাধের' অভিযোগে লরা ও এউনাকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
মার্চে উত্তর কোরিয়ার চীন সীমান্তে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধভাবে উত্তর কোরিয়ায় প্রবেশের অভিযোগ আনা হয় এবং তারা তা স্বীকারও করে বলে জানায় উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ।
পরমাণু কর্মসূচি বন্ধে আন্তর্জাতিক চাপ প্রতিহত করা এবং পরমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর শাস্তি হিসাবে পিয়ংইয়ংয়ের ওপর আরোপিত জাতিসংঘ নিষেধাজ্ঞা দূর করার চেষ্টায় উত্তর কোরিয়া এই দুই সাংবাদিককে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা করছিলেন মার্কিন কর্মকর্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৫১ ঘ.
bdnews24