২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণু ইস্যুতে উত্তর কোরিয়াকে ছাড় দেওয়া হয়নি: যুক্তরাষ্ট্র

দুই মার্কিন সাংবাদিক মুক্তির বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি ইস্যুতে কোনও ছাড় দেওয়া হয়নি বলে জানিয়েছে ওবামা প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, সাংবাদিক মুক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি ইস্যুর কোনও সম্পর্ক নেই। দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 07:02 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ওয়াশিংটন, আগস্ট ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দুই মার্কিন সাংবাদিক মুক্তির বিনিময়ে উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি ইস্যুতে কোনও ছাড় দেওয়া হয়নি বলে জানিয়েছে ওবামা প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, সাংবাদিক মুক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি ইস্যুর কোনও সম্পর্ক নেই। দুটো সম্পূর্ণ ভিন্ন বিষয়। তিনি সাংবাদিকদের বলেন, "আমরা উত্তর কোরিয়দের সঙ্গে আলোচনার প্রতিটি ক্ষেত্রেই পরিস্কার করে বলেছি এবং ক্লিনটনও তার আলোচনায় পরিস্কার করে বলেছেন যে, তার পিয়ংইয়ংয়ে যাওয়াটা ছিল মানবিক দিক বিবেচনায় নিতান্তই ব্যক্তিগত সফর। আর মানবিক দৃষ্টিকোণ থেকেই উত্তর কোরিয়া দুই সাংবাদিককে ক্ষমা করে তাদের মুক্তি দিয়েছে।" তবে সুনির্দিষ্ট কোনকিছু উল্লেখ না করে উর্ধ্বতন এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, দুই সাংবাদিক মুক্তির পদক্ষেপের মধ্য দিয়ে ভবিষ্যতে দু দেশের মধ্যে ইতিবাচক কিছু ঘটার সম্ভাবনা নিয়ে উত্তর কোরিয়ার নেতাদের সঙ্গে কথা বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ক্লিনটন একইসঙ্গে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণ সম্পর্কে তার মতামত জানিয়ে দিয়েছেন এটিও নিশ্চিত বলে জানান ওই কর্মকর্তা। তিনি বলেন, সাংবাদিকদের মুক্তি দেওয়া হবে এবং এর বিনিময়ে পরমাণু কর্মসূচি ইস্যুর জন্য কোনও শর্ত জুড়ে দেওয়া হবে না---- উত্তর কোরিয়ার কাঝ থেকে এ আশ্বাস পাওয়ার পরই বিল ক্লিনটন পিয়ংইয়ং সফরে যান এবং ওবামা প্রশাসন এ সফরের অনুমতি দেয়। পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে রাজি করাতে ওয়াশিংটন নিষেধাজ্ঞা কঠোর করার চেষ্টা চালিয়ে যাবে বলেও জানান তিনি। কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার সমনে দুটো পথই আছে। আর তা হল হয় উস্কানিমুলক আচরণ বন্ধ করা নয়ত বন্ধ হয়ে যাওয়া ছয়জাতি আলোচনায় ফেরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪১৩ ঘ.