২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খার্তুমে লুবনার পক্ষে অনেকের বিক্ষোভ

প্যান্ট পরে জনসমক্ষে আসায় ৪০ বেত্রাঘাতের শাস্তি হতে পারে সুদানের লুবনা হোসেনের। মঙ্গলবার বিচার চলাকালে খার্তুমের আদালতের সামনে তার অধিকারের পক্ষে স্লোগান দিয়ে, ব্যানার দেখিয়ে বিক্ষোভ করেছে অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 01:28 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

খার্তুম, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্যান্ট পরে জনসমক্ষে আসায় ৪০ বেত্রাঘাতের শাস্তি হতে পারে সুদানের লুবনা হোসেনের। মঙ্গলবার বিচার চলাকালে খার্তুমের আদালতের সামনে তার অধিকারের পক্ষে স্লোগান দিয়ে, ব্যানার দেখিয়ে বিক্ষোভ করেছে অনেকে। একসময়ে সাংবাদিকতা করা এবং জাতিসংঘের সাবেক তথ্য কর্মকর্তা লুবনাকে জুলাই মাসের গোড়ার দিকে খার্তুমের একটি রেস্তোরাঁ থেকে আরও ১২ জন নারীসহ গ্রেপ্তার করা হয়। প্যান্ট পরে থাকায় তার বিরুদ্ধে অশোভনতার অভিযোগ আনা হয়েছে। নারী অধিকার রক্ষার গোষ্ঠীগুলো বলছে, সুদানের আইনে অশোভন পোশাকের কোনো স্পষ্ট সংজ্ঞা নেই। তাই তাকে গ্রেপ্তার করা সঙ্গত হয়েছে কীনা তার পুরো দায় বর্তাচ্ছে সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের ওপর। আদালত ভবনে এজলাসের বাইরে বেশকিছু নারী জড়ো হয়ে পোশাককে অশিষ্টচিহ্নিত করার আইনটি বাতিল করার দাবিতে স্লোগান দিতে থাকে। তাদের মাথায় বাঁধা ব্যান্ডে লেখা ছিল, "অন্ধাকার যুগে ফিরতে চাই না।" শুনানি শেষে এজলাস থেকে বের হয়ে লুবনা জানান, বিচারক তার মামলা ৭ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা করেছে। রয়টার্সকে তিনি বলেন, "জাতিসংঘে চাকরির সুবাদে আমার বিচার থেকে রেহাই পাওয়ার অধিকার বহাল রয়েছে কীনা সে বিষয়টি তারা নিশ্চিত হতে চাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না কেন তারা এটা করছে, আমিতো ইতিমধ্যেই জাতিসংঘের চাকরি ছেড়ে দিয়েছি। আমার মনে হয় তারা বিচার বিলম্বিত করতে চাইছে।" বিক্ষোভকারীরা উচ্চকিত হয়ে উঠলে দাঙ্গা পুলিশ তাদের দিকে এগিয়ে গিয়ে নিজেদের বর্মের ওপর লাঠির আঘাত করে ভয় জাগানোর চেষ্টা করে। একজন প্রত্যক্ষদর্শী জানান, এক পুলিশ শূন্যে দৃশ্যত ফাঁকা গুলিও করে। বিক্ষোভে অংশ নেওয়া জয়নাব বাদরাদিন বলেন, "আমরা এই আইনের বিরুদ্ধে। এই আইন নারীবিরোধী, ইসলাম বিরোধী, মানবাধিকার বিরোধী।" লুবনা এই মামলাটির ব্যাপক প্রচারের মাধ্যমে বেশ মনোযোগ কেড়েছেন। ঢিলেঢালা সবুজ রঙের প্যান্ট পরে তিনি ছবির জন্য পোজ দিয়েছেন, সাংবাদিকদের প্রতি পোশকের বিধিবিধানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/২০৩০ ঘ.