ম্যানিলা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এশিয়ার নোবেল পুরস্কার বলে পরিচিত রমন ম্যাগসেসে পুরস্কার এ বছর পাওয়ার তালিকায় রয়েছেন মিয়ানমারের কা শ ওয়াহ। পুরস্কার প্রদান কমিটি সোমবার একথা জানিয়েছে।
ওয়াহ মানবাধিকার বিষয়ক একটি বেসরকারি প্রতিষ্ঠান 'আর্থরাইট ইন্টারন্যাশনাল' এর কো- ফাউন্ডার। ছাত্রজীবনে তিনি জান্তা সরকারের হাতে নির্যাতিত হয়েছিলেন।
পুরস্কার পাওয়ার তালিকায় আরও রয়েছেন দু'জন চীনা, একজন ভারতীয়, একজন ফিলিপিনো এবং এক থাই নারী।
ওয়াহকে পুরস্কার দেওয়ার বিষয়ে কমিটি জানায়, "ওয়াহ নিঃশঙ্কচিত্তে অহিংস পথে মানবাধিকার, পরিবেশ ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন।"
পুরস্কার বিজয়ী চীনের দুজন হচ্ছে ইউ জিয়াওগং এবং মা জুন।
চীনে বাঁধ বিষয়ে জনসচেনতা সৃষ্টি করার জন্য জিয়াওগংকে এবং পরিবেশ রক্ষায় কাজ করার জন্য সাবেক সাংবাদিক মা জুনকে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।
ভারতের দীপ যোশী ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা এবং প্রকৌশল বিষয়ে ডিগ্রি নিয়ে এসে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য বেশ কয়েক দশক ধরে কাজ করছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া যুবকদের গ্রামীণ প্রকল্পে কাজ করার জন্য নিয়োগ দিয়েছেন।
পুরস্কারের জন্য মনোনীত ফিলিপিনো আন্তোনীয় ওপোসা একজন পরিবেশবিদ ও আইনজীবী। আর থাই নারী ক্রিসানা ক্রাইসিনতু অনেক কমদামের এইডস/এইচআইভির জেনেরিক ওষুধ আবিস্কারের জন্য পুরস্কার পাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/এলকিউ/১৫৩২ ঘ.
bdnews24