বাগদাদ, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে সাদ্দাম হোসেনের আমলে তেল সমৃদ্ধ উত্তর পূর্বাঞ্চল থেকে কুর্দি উচ্ছেদের অভিযোগে সাবেক উপ-প্রধানমন্ত্রী তারেক আজিজকে রোববার সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
এর আগে মার্চে বেশ কয়েকজন ব্যবসায়ীকে হত্যার অভিযোগে তারেক আজিজকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ১৯৯২ সালে রাষ্ট্রের মূল্য-নিয়ন্ত্রণ কাঠমো ভাঙার জন্য ওই ব্যবসায়ীদের হত্যা করা হয়।
দুইজন আইনজীবী জানিয়েছেন, এ দুই সাজা এক করে ৭৩ বছয় বয়সী সাবেক উপপ্রধামন্ত্রীকে ২২ বছর জেলে কাটাতে হবে।
জুরিদের বিচার পড়ে শোনানোর সময় বিচারক মাহমুদ সালিহ বলেন, "অন্যদের সঙ্গে যোগসাজশ করে কুর্দি উচ্ছেদ অভিযানের দায়ে আদালত আপনাকে সাত বছরের কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।"
মার্চে কারাদণ্ড দেওয়ার দুই সপ্তাহ আগে ১৯৯৯ সালে শিয়া মুসলিমদের হত্যা ও উচ্ছেদ মামলায় তারেক আািজজকে খালাস করে দেয় ইরাকি হাই ট্রাইব্যুনাল। তবে ওই মামলায় সাদ্দাম হোসেনের জ্ঞাতি ভাই আলী হাসান আল মাজিদ ওরফে কেমিক্যাল আলীকে তৃতীয় দফায় মৃত্যুদণ্ড দেয় আদালত।
২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রসনের পর সাদ্দাম হোসেন ও তার সরকারের সদস্যদের বিচারের জন্য ইরাকি হাই ট্রাইব্যুনাল গঠন করা হয়।
ইরাকের কুয়েত আক্রমণ ও ১৯৯১ সালে উপসাগরীয় যুদ্ধের সময় সাদ্দাম প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তারেক আজিজ। সাদ্দাম সরকারের একমাত্র খ্রিস্টান সদস্য ছিলেন তিনি।
বিডিনিউজহ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪০ ঘ.
bdnews24