২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারো চাপে নত হবে না হন্ডুরাস: মিচেলেত্তি

কোনো দেশের চাপের কাছেই মাথা নত করবে না হন্ডুরাস। দেশটির অভ্যুত্থানপরবর্তী অন্তর্বর্তী সরকার প্রধান রবার্তো মিচেলেত্তি শুক্রবার একথা বলেছেন। তিনি উৎখাতকৃত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে ক্ষমতায় ফিরতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 05:44 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

তেগুসিগালপা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---কোনো দেশের চাপের কাছেই মাথা নত করবে না হন্ডুরাস। দেশটির অভ্যুত্থানপরবর্তী অন্তর্বর্তী সরকার প্রধান রবার্তো মিচেলেত্তি শুক্রবার একথা বলেছেন। তিনি উৎখাতকৃত প্রেসিডেন্ট ম্যানুয়েল জেলায়াকে ক্ষমতায় ফিরতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গত ২৮ জুন সেনাবাহিনী জেলায়াকে ক্ষমতাচ্যুত করার কয়েক ঘণ্টা পরেই দেশটির কংগ্রেস রবার্তো মিচেলেত্তিতে প্রেসিডেন্ট ঘোষণা করে। তিনি বলেছেন, অভ্যুত্থানের কারণে হন্ডুরাসকে আন্তর্জাতিকভাবে আরও একঘরে করা হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার চাপ মোকাবেলায় তার দেশে যথেষ্ট পরিমাণে মৌলিক খাদ্যসামগ্রী রয়েছে। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মিচেলেত্তি বলেন, "কেউ আমাদের ওপর কোনোকিছু চাপিয়ে দিতে চাইলে আমরা মেনে নেবো না। এটা আমাদের দেশ...অন্য কোনো দেশ যত শক্তিশালীই হোক না কেন... আমাদেরকে কী করতে হবে তা বাতলে দিতে পারবে না।" হন্ডুরাসের বাণিজ্যের প্রধান অংশীদার দেশ যুক্তরাষ্ট্র বামপন্থী জেলায়াকে পুনর্বহালে চাপ সৃষ্টি করতে হন্ডুরাসে সামরিক সহায়তা প্রত্যাহার করে নিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের শীর্ষ চার ব্যক্তির ভিসা পাওয়া বাতিল করেছে। লাতিন আমেরিকার দেশগুলো এবং ইউরোপীয় ইউনিয়নও কংগ্রেসের সাবেক প্রধান মিচেলেত্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মিচেলেত্তি বলেছেন, সংকট সমাধানে তিনি আলোচনা করতে প্রস্তুত, তবে জেলায়াকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। এর আগে তিনি সাংবাদিকদের বলেন, "আমি আগেও স্পষ্ট করে বলেছি, এখন আবার বলছি, আমার পদত্যাগে যদি সংকটের সমাধান হয় তবে আমি তা করতে প্রস্তুত আছি। কিন্তু জেলায়াকে আবার প্রেসিডেন্ট হিসেবে মেনে নেবো না।" হন্ডুরাসের বর্তমান সরকারের দ্বিতীয় প্রধান ব্যক্তি রাফায়েল পিনেদা রয়টার্সকে বলেছেন, "জেলায়ার ক্ষমতায় ফেরার ব্যাপারে বর্তমান প্রশাসনের অবস্থান, "অপরিবর্তনীয় ও দৃঢ়"। প্রতিবেশী নিকরাগুয়ায় অবস্থানরত জেলায়া অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বিষয়টিকে আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন। বুধবার হন্ডুরাসের রাজনৈতিক সংকট সমাধানের জন্য নুতন আলোচনার আহ্বান জানান মিচেলেত্তি। একটি সূত্র জানায়, কঠিন চাপের মুখে জেলায়াকে তিনি দেশে ফেরার অনুমতি দিতে পারেন। "আলোচনা শুরু করার সহযোগিতা করার জন্য হন্ডুরাসে" বিশেষ দূত হিসেবে ইন্টার আমেরিকান ডেভেলপমেন্ট ব্যাংক এর সাবেক প্রেসিডেন্ট এনরিক ইগলেসিয়াসকে হন্ডুরাসে পাঠানোর আহ্বান জানিয়ে মিচেলেত্তি বলেন, "এ আলোচনায় নাগরিক সমাজ, গির্জা, পেশাজীবী দল, ছাত্র, ব্যবসায়ী সংগঠন, গণমাধ্যম, রাজনৈতিক দলসহ সবার অংশগ্রহণে কার্যকর যোগাযোগ হতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১২৫৪ ঘ.