সউল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ কোরিয়ার একটি মাছ ধরার নৌকা অনবধানতাবশত উত্তর কোরিয়া জলসীমায় প্রবেশ করলে বৃহস্পতিবার সেটিকে আটক করে কমিউনিস্ট রাষ্ট্রটির একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন কর্মকর্তা এতথ্য জানিয়েছেন।
দুই কোরিয়ার শীতল সম্পর্কের সময়ে এ ঘটনা ঘটল। সম্ভবত নেভিগেশন যন্ত্রপাতি বিকল হয়ে যাওয়ায় নৌযানটি অজান্তে উত্তর কোরিয়ার জলসীমায় ঢুকে যায়।
প্রতিবেশীর প্রতি দক্ষিণ কোরিয়া চার ক্রুসহ নৌকাটিকে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়া জবাবে শুধু বলেছে, ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উত্তর কোরিয়া নৌকাটি ও এর ক্রুদের আগেভাগে ছেড়ে না দিয়ে বিষয়টিকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দরকষাকষির কাজে লাগাতে পারে। উত্তর কোরিয়ার আলোচনার কৌশল সম্পর্কে বিশেষজ্ঞ, দক্ষিণ কোরিয়ার সেজং ইনস্টিটিউটের পাইক হাক-স্নু এটাই মনে করছেন। তবে তিনি বলেন, "এ ঘটনায় তাদের মুক্তি দেওয়ার মানবিক আবেদনে সাড়া না দিয়ে- 'খারাপ লোক ধরেছি' এরকম আচরণের কোন অর্থ দাঁড়াবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৬ ঘ.
bdnews24