পাটনা, ভারত, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের বিহার রাজ্যে গরিব শিশুদের স্কুলে আসায় উৎসাহ যোগাতে প্রতিদিন এক রুপি (দুই সেন্ট) করে দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। এভাবে শিক্ষার হার বাড়ানোও উদ্দেশ্য। রাজ্যের কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
বিহারের আদিবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী জিতান রাম মানজিহি বলেছেন, "অর্থের পরিমাণ কম হতে পারে, কিন্তু এতে দরিদ্র শিশুরা স্কুলে ফিরবে।"
শিশুরা বলেছে, তারা পকেটে নগদ রুপি পেয়ে খুব খুশি।
পাটনার ছয় বছর বয়সী ছাত্র সোনু মানজিহি বলেছে, "এখন আর আমি ক্লাস কামাই করছি না। স্কুলে না গেলে তো আমার পকেটে কয়েন কমে যাবে।"
সরকারি তথ্যানুযায়ী ভারতের জনসংখ্যার কমপক্ষে ৪০ শতাংশ দিন ১ ডলার ২৫ সেন্টেরও কম অর্থে জীবন ধারণ করে থাকে। আর বিহারে অন্তত ১০ লাখ শিশু কোনো ধরনের শিক্ষারই সুযোগ পায় না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৮ ঘ.
bdnews24