ইসলামাবাদ, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের অপশাসনের অভিযোগের শুনানি শুরু করলেও তার পক্ষ সমর্থনে কোনও আইনজীবীর সাড়া মেলেনি। দু'মাস আগে লন্ডনে পাড়ি জমানো মুশাররফের পক্ষে লড়তে আদালতে কোনও আইনজীবী এদিন উপস্থিত হননি।
গত সপ্তাহে প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে গঠিত ১৪ সদস্যের বেঞ্চ মুশাররফকে ২০০৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা জারি এবং বিচারকদের বরখাস্ত করে সংবিধান লঙ্ঘনের অভিযোগের জবাবদিহি করার নির্দেশ দিয়েছে।
বুধবার মামলার শুনানি শুরুর পর মুশাররফের পক্ষ সমর্থনের জন্য কোনও আইনজীবী আছেন কিনা এপ্রশ্নে জবাবে কোনও সাড়া পাননি ইফতিখার চৌধুরী মুশাররফের আইনজীবী দলের সদস্য সাঈফ আলী খান টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমরা এখন পর্যন্ত কোনও নোটিশ পাইনি। একবার নোটিশ পেলে আমরা আদালতে হাজির হব কিনা সে সিদ্ধান্ত নেব।"
পাকিস্তানে গণতন্ত্রের বিকাশে এবং ভবিষ্যতে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে জেনারেলদেরকে সতর্ক করে দিতে নেতাদের জবাবদিহি করা উচিত বলে মনে করছেন অনেকেই। মুশাররফ ১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ২০০৭ সালের মার্চে ইফতিখার চৌধুরীকে বরখাস্ত করার চেষ্টা নেওয়ার পর থেকে শুরু হওয়া রাজনৈতিক সঙ্কটে মুশাররফের পতন ঘটে।
মুশাররফ এরই মধ্যে আদালতে অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন এবং ষুষ্ঠু শুনানি অনুষ্ঠানের অভিপ্রায়ের কথা জানিয়েছেন।
আদালত প্রশ্নের জবাব দেওয়া বাধ্যতামূলক করেনি। তবে মুশাররফ তা না দিলে ২০০৭ সালের নভেম্বরে বিচারকদের বরখাস্ত ও জরুরি অবস্থা জারি করা তার সাংবিধানিক অধিকার ছিল কিনা তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয়তো আর পাবেন না।
সরকারের শীর্ষ এক আইনজীবী বলেন, আত্মপক্ষ সমর্থনের জন্য মুশাররফের এটিই একমাত্র সুযোগ।
মুশাররফ প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ অনেক বিচারককে বরখাস্ত ও জরুরি অবস্থা জারি করলে পাকিস্তানজুড়ে প্রতিবাদ-আন্দোলন শুরু হয়। তার ওই পদক্ষেপকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার চেষ্টা হিসেবে দেখা হয়।
এসব ঘটনায় তার জনপ্রিয়তা কমতে থাকে এবং ২০০৮ সালের ফেব্র"য়ারির নির্বাচনে বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কাছে তার দল হেরে যায়।
মুশাররফকে অভিশংসিত করার উদ্যোগ জোরালো হয়ে উঠলে গত আগস্টে তিনি পদত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৩৬ ঘ.
bdnews24