ইরাক, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, ইরাকি বাহিনী শহরগুলোর নিরাপত্তা রক্ষার মূল দায়িত্বভার নিতে এগিয়ে আসায় ইরাকের শহুরে ঘাঁটিগুলো থেকে মার্কিন যোদ্ধাসেনা প্রত্যাহার করা ফলদায়ক হচ্ছে। মঙ্গলবার ইরাকে একটি মার্কিন বিমানঘাঁটি পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
গেটস এই সফরকালে নিরাপত্তা ইস্যু ও ইরাকে সম্ভাব্য অস্ত্র বিক্রি নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া, তিনি ইরাকের জাতিগত কুর্দি এবং সংখ্যাগরিষ্ঠ আরবদের মধ্যকার তীব্র বিভাজনও দূর করার চেষ্টা নেবেন। ঊর্ধ্বতন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা একথা জানিয়েছেন।
ইরাকি শহুরে ঘাঁটি থেকে মার্কিন যোদ্ধাসেনা প্রত্যাহার ৩০ জুন শেষ হয়েছে। গেটস এই প্রত্যাহারের পর ইরাকি বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নেওয়ার বিষয়টিকে "সত্যিকার অর্থেই ইরাকিদের ক্ষমতায়ন" অভিহিত করেছেন।
ইরাকে তাল্লিল বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশে বক্তৃতার পর গেটস সাংবাদিকদের বলেন, "সেনা প্রত্যাহারের এক মাসেরও কম সময়ের অগ্রগতিতে আমি সত্যিই আপ্লুত।"
ইরাকি কর্মকর্তাদের সঙ্গে গেটসের আলোচনায় ২০১১ সালে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহার হওয়ার পর প্রতিবেশী দেশগুলোর সম্ভাব্য হুমকি মোকাবেলায় লকহীড মার্টিন কোম্পানি থেকে বাগদাদের এফ-সিক্সটিন জঙ্গি বিমান কেনার বিষয়টি স্থান পাবে।
তিনি উত্তরাঞ্চলের স্বায়ত্ত্বশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী অরবিলে যাবেন। সেখানে কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১৪৯ ঘ.
bdnews24